লঞ্চ সার্ভিস
ঈদে বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু
আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ কমাতে এবং বিকল্প নৌপথে যাতায়াত সহজ করতে বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১৪ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাটে অতিরিক্ত যাত্রীচাপ কমানো এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট থেকে ছয়টি এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছিলা লঞ্চঘাট থেকে সকাল ৭টায় এমভি টিপু লঞ্চ হাকিমুদ্দিনের উদ্দেশে ছাড়বে। সকাল ৮টা ৩০ মিনিটে এমভি ইমাম হাসান-৫ শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করবে এবং বেলা ১১টায় এমভি ঈগল-৪ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে।
এছাড়া দুপুর ১২টায় এমভি টিপু-৬ ইলিশার উদ্দেশে এবং দুপুর ১টা ৩০ মিনিটে এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩ গলাচিপার উদ্দেশে ছেড়ে যাবে। সেই সঙ্গে বিকেল ৫টা ৩০ মিনিটে এমভি ইয়াদ-১ ইলিশার উদ্দেশে যাত্রা করবে।
অন্যদিকে, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে সকাল ৮টায় এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ একই গন্তব্যে যাত্রা করবে। এছাড়া সকাল ৮টায় এমভি রাজারহাট বি বরিশালের উদ্দেশে ছাড়বে এবং সন্ধ্যা ৭টায় বরিশাল থেকে শিমুলিয়ার উদ্দেশে ফিরতি যাত্রা করবে।
ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন সদরঘাট টার্মিনাল এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল (ব্যবসায়িক পণ্য ছাড়া) বহনের জন্য বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। একই সময়ে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সদরঘাট ও বরিশাল নদী বন্দরে হুইলচেয়ার সেবাও চালু থাকবে।
বিআইডব্লিউটিএ আশা করছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। এজন্য যাত্রীদের সার্বিক সহযোগিতাও কামনা করা হয়েছে।
৩ দিন আগে
বালাসী ও বাহাদুরাবাদের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস উদ্বোধন
বালাসী ও বাহাদুরাবাদের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু হয়েছে। শনিবার এই সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ঐতিহ্যবাহী বালাসী বন্দরে ড্রেজার বেইজ স্থাপন করা হবে। ফলে সেখানে সার্বক্ষণিক ড্রেজার থাকবে। নাব্যতা সচল রাখা হবে; আবার বন্দরটি গতি ফিরে পাবে।
বালাসী-বাহাদুরাবাদ রুটে ইতোপূর্বে গৃহিত ফেরি সার্ভিসের উদ্যোগ সফল হয়নি। উক্ত নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস সফলতা পেলে পণ্য ও যানবাহন পরিবহনের জন্য ফেরির ব্যবস্থা করা হবে। সরকার ১০,০০০ কিলোমিটার নৌপথ খননের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ৭,০০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ বালাসী নৌবন্দরে বালাসী ও বাহাদুরাবাদের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী বালাসীঘাটে নদী বন্দরের টার্মিনাল উদ্বোধন করেন।
আরও পড়ুন: অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের অবদান অপরিসীম: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. রফিকুল ইসলাম খান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীর উভয় পাড়ে নিরবছিন্নভাবে ফেরি ও লঞ্চ সার্ভিস প্রতিষ্ঠার লক্ষ্যে বালাসী ও বাহাদুরাবাদে ফেরিঘাটসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ প্রকল্পের আওতায় বালাসী ও বাহাদুরাবাদ ঘাট ও টার্মিনাল নির্মাণ করেছে। এতে করে বৃহত্তর রংপুর বিভাগের সঙ্গে ময়মনসিংহ বিভাগসহ দেশের অন্যান্য স্থানের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে। নতুন নৌপথ সৃষ্টির মাধ্যমে সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রকল্পের অন্যতম লক্ষ্য।
ফেরি ও লঞ্চ সার্ভিস উন্নয়ন প্রকল্পের জন্য ১৩৬ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হয়েছে। বাহাদুরাবাদঘাট ও বালাসীঘাটের নৌপথের দুরত্ব ৩৯ কিলোমিটার। এর মধ্যে ১০কিলোমিটার নৌচ্যানেল খনন করা হয়েছে; যার প্রস্থ ৩৭মিটার। বেসরকারি ও বিআইডব্লিউটিএ'র ড্রেজার দ্বারা মোট ১৮ লাখ ২০ হাজার ঘনমিটার খনন করা হয়েছে। বেসরকারি ড্রেজার দ্বারা ১৫ লাখ ঘনমিটার খনন করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২৫ কোটি ৩৪ লাখ টাকা।
উক্ত চ্যানেলে বর্তমানে ৯ থেকে ১০ ফুট পানি আছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি ও গেইটওয়ে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
১৪৩৮ দিন আগে