অনলাইন পোর্টাল
অনলাইন পোর্টাল ও আইপি টিভিগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের অনলাইন পোর্টাল ও আইপি টিভিগুলোকে একটি সমন্বিত নীতিমালার আওতায় আনা হবে। এ লক্ষ্যে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা নান্দাইলে প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর তিনি গত ১৭ বছরের কার্যক্রম পর্যালোচনা করে দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং নিয়ম-নীতির যথাযথ অনুসরণ করা হয়নি। তবে এখন থেকে সবকিছু নিয়মের ভিত্তিতেই চলবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরও সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করতে হবে। তবে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য—এমন অবস্থানই সরকারের।
প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার আলোচনা হয়েছে।
তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নান্দাইলে পৌঁছান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম নান্দাইল সফর।
নান্দাইলে পৌঁছার পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন।
প্রটোকল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি চৌরাস্তায় অবস্থিত নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন। সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল এবং গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব মিলনায়তনে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা এবং কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এরপর প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
৭ দিন আগে
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঠাকুরগাঁও সদর উপজেলায় স্থানীয় এক ইউপি সদস্যকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
অভিযুক্ত ডিবিসি টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নবীন হাসান।
ডিবিসি টাইমস নামের একটি অনলাইন পোর্টালে ইউপি সদস্যের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উপজেলার চিলারং ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য আনোয়ারা বেগম বাদী হয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ গ্রেপ্তার ২
পরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান জানান, মামলার বিবরণীতে তাকে ডিবিসি টাইমস ডট কম এর ঠাকুরগাঁও প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। কিন্তু ডিবিসি টাইমস ডট কমের সাথে তার কোন সম্পর্ক নেই। তিনি ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
ঠাকুরগাঁও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম জানান, এখনও কোর্টের আদেশ হাতে পাইনি। পেলে তদন্ত করে আদালতে জমা দেব।
আরও পড়ুন: তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
১৩৮৬ দিন আগে