টিকিট কালোবাজারি
টিকিট কালোবাজারির অভিযোগে সিলেটে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে সিলেটে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন: সুনামগঞ্জ সদর উপজেলার আবু তাহের এবং দিরাই উপজেলার সঞ্জয় দাস। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিলেট জেলা প্রশাসনের অভিযানে তাদের কাছ থেকে ট্রেনের টিকিট, টিকিট সংগ্রহ ও বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ভয়েস মেসেজসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে অবৈধভাবে টিকিট সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ তথ্য নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে আরএনবির দুই সদস্যকে আটক করা হয়েছে। আটক দুজনকে আপাতত রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তীতে যেভাবে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আইনগত ব্যবস্থার বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ।’
অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল আলম বলেন, ‘রেলওয়ের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচা রোধে বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য এবং তারা অনলাইনে অবৈধভাবে টিকিট সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে কালোবাজারে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’
তিনি আরও বলেন, ‘অভিযানে তাদের কাছ থেকে টিকিট, মোবাইল ফোন, ভয়েস মেসেজসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে টিকিট কালোবাজারির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।’
৭ দিন আগে
সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি: দুই স্টুয়ার্ট বরখাস্ত, জরিমানা
ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়।
রেলওয়-সংশ্লিষ্টদের তথ্যমতে, টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ট মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ ঘটনায় কারণ দর্শানোর জন্য আগামী ২৪ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে।
১৭৯ দিন আগে
ঈদযাত্রা নিরাপদ করতে রেলের টিকিট কালোবাজারিতে জড়িতদের আটক
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
যাত্রীরা যাতে পরিবারের সঙ্গে নিরাপদে বাসায় যেতে পারেন সেটি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে গৃহীত উদ্যোগের বিস্তারিত তুলে ধরে অ্যাপসের মাধ্যমে শতভাগ টিকিট বিক্রির কার্যকারিতার কথা উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: সড়ক যোগাযোগে উন্নতির কারণে ঈদযাত্রায় কমেছে নৌপথের যাত্রী
কমান্ডার মঈন বলেন, এই প্রচেষ্টা সত্ত্বেও, একটি দল সিস্টেমটির অপব্যবহার করেছিল, কিন্তু র্যাব-৩ এর দ্রুত পদক্ষেপের ফলে তাদের গ্রেপ্তার করা এবং বিচারের আওতায় আনা নিশ্চিত হয়।
র্যাব কমান্ডার ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় র্যাবসহ অন্যান্য বাহিনী মোতায়েনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জনগণকে আশ্বস্ত করেন যে ঈদ উদযাপনের সঙ্গে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই তবে যাত্রীদের নিরাপদে ভ্রমণ এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে অনুরোধ করেন।
আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: হাইওয়ে পুলিশ প্রধান
৮৯০ দিন আগে
রাজধানীর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে আটক ৫
ঈদকে সামনে রেখে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঈদে বাড়তি চাপের সুযোগ নিয়ে একটি দল বাড়তি দামে বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল সোমবার রাত পৌনে ৯টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদেরকে আটক করে।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
আটকরা হলেন- মো. লিটন মিয়া (৩৭), মো. শাহ আলম (৩৪), মো.ইমরান (২০), মো. আবু তাহের (২৬) ও মো. জাহিদুর রহমান সাকিব (৪০), মঙ্গলবার র্যাব-৩ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটকদের কাছ থেকে ট্রেনের চারটি টিকিট ও নগদ ছয় হাজার ৯২৭ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৩। জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৫৩৩ দিন আগে