আরএনবি
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ, রেলস্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থী মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত পৌনে ১২টার দিকে একদল শিক্ষার্থী রাজশাহী রেলস্টেশন কার্যালয়ে গিয়ে জানালার কাচ ও চেয়ার ভাঙচুর করেন। রাত ১টা পর্যন্ত সেখানে ভাঙচুর চলার কথা জানা গেছে।
এর আগে, ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচির ঘোষণা দিয়ে স্টেশনের দিকে রওনা হন। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। এ সময় তিনি ট্রেন থামিয়ে দুই কর্মকর্তাকে আটকের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম আইয়ুব আলী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন আইয়ুব আলী। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব আলী ওই ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
আইয়ুবের সহপাঠী মোহাম্মদ মিজান বলেন, রেলস্টেশনে রাবির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের কর্মচারীদের বাগ্বিতণ্ডা হচ্ছিল। পরে আইয়ুব তাদের পক্ষে কথা বললে তাকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, ‘জড়িতদের অনতিবিলম্বে আটক করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এত প্রতিহিংসা কিসের, এটা দেখতে চাই।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘এ ধরনের কোনো ভায়োলেন্সের ঘটনা কাম্য নয়। আমরা এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাচ্ছি। একই সঙ্গে জড়িতদের অবশ্যই অব্যাহতি দেওয়া হবে।’
শিক্ষার্থীদের অবরোধ বিষয়ে তিনি বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে শিক্ষার্থীদের আবেগপ্রবণ হয়ে পড়া একদম স্বাভাবিক। আমি তাদের আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাব। আমরা আইনগতভাবে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করব।
এরই মধ্যে শিক্ষার্থী মারধরের ঘটনায় আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল (রবিবার) রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া আরএনবির সদস্যরা হলেন: মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদত হোসেন।
দপ্তরাদেশে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্ট (সদর)-এর কাছে নিয়মিত দৈনিক হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রাত দেড়টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের কর্মকর্তারা স্টেশনে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন।
৩ দিন আগে
আরএনবির ২ সদস্যকে মারধরের অভিযোগ র্যাবের বিরুদ্ধে
নাটোর রেলস্টেশনে টিকিট চেক করাকে কেন্দ্র করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও র্যাবের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আরএনবির দুই সদস্যকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে।
নাটোর স্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনের যাত্রী সাদা পোশাকে থাকা র্যাব সদস্য আল মামুনের কাছে আরএনবি সদস্যরা টিকিট দেখতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আরএনবি সদস্যরা ওই যাত্রীকে টেনেহিঁচড়ে তাদের অফিস কক্ষে আটকে রাখে।
আরও পড়ুন: জবি ছাত্রীকে মারধরের অভিযোগে হল থেকে বহিষ্কার আরেক শিক্ষার্থী
পরে ওই যাত্রী র্যাবকে জানালে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা রেল স্টেশনে গিয়ে ওই র্যাব সদস্যকে উদ্ধার করে। একই সঙ্গে মুক্তার হোসেন ও জিয়া নামে আরএনবির দুই সদস্যকে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
নাটোর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শাফায়াত জানান, রাত সাড়ে ১০টার দিকে খাকি পোশাক পরা দুই ব্যক্তিকে তার কাছে নিয়ে এসেছিল র্যাব সদস্যরা। ওই দুই ব্যক্তি তাদের শরীরে প্রচণ্ড ব্যথা বলে জানিয়েছেন। খুব দ্রুত র্যাব সদস্যরা তাদের নিয়ে চলে যান।
রেলওয়ে পাকশির বিভাগীয় ম্যানেজার শাহ সুফি নুর মোহম্মদ বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে নাটোর র্যাব ক্যাম্পে নিয়ে চোখ বেঁধে পেটানো হয়েছে। পরে তাদের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ দিয়ে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে না জানিয়ে ডিউটিতে থাকা দুইজন সরকারি কর্মচারীকে এভাবে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা কোনোভাবেই কাম্য হতে পারে না।
র্যাব তার ক্ষমতার অপব্যবহার করেছে বলেও দাবি করেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহম্মদ।
আরও পড়ুন: যশোরে ভাই ও মা-বাবার মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ
৯২১ দিন আগে
সেনাসদস্য লাঞ্ছিত, ৩ আরএনবি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের দ্বারা এক সেনাসদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম।
শুক্রবার র্যাব-৭ দাবি করে, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ৮ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য ঢাকাগামী মেল ট্রেনের টিকেট ট্রেনের বগিতে উঠলে অভিযুক্তরা তার কাছ থেকে অতিরিক্ত ৩০০ টাকা দাবি করে। এটি অবৈধ বলে যখন তিনি টাকা দিতে অস্বীকার করেন, তখন অভিযুক্তরা গালাগাল শুরু করে। পরবর্তীতে তারা তাকে মারধর করে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে।
আরও পড়ুন: সেনাসদস্য হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সমাবেশ
পুরো ঘটনাটি আব্বাস উদ্দিন নামের এক সাংবাদিক ভিডিও করেন এবং এই অবৈধ কাজের প্রতিবাদ জানান। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
র্যাব জানায়, অভিযুক্ত তিনজন অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: চাকরি দেয়ার নাম প্রতারণা: চট্টগ্রামে ভুয়া সেনাসদস্য আটক
১৪৯০ দিন আগে