শিকল
সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতন, আটক ৩
সিলেট নগরীতে চুরির অভিযোগে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে নির্যাতনকারীদের চিহ্নিতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের আটকে ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃতরা হলেন সিলেট নগরীর শাহজালাল উপশহরের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা ১৫-১৬ বছর বয়সী ওই মেয়েকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তার কোমরে শিকল বেঁধে সড়কে টানাহেঁচড়া করতে দেখা যায়। ঘটনাটি নগরীর উপশহরের ডি ব্লকের মসজিদ মার্কেট এলাকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক কিশোরীর কোমরে শিকল বেঁধে তাকে সড়কে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরীকে অঝোরে কাঁদতে দেখা যায়।
এ ঘটনার বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার তাকে চুরির অভিযোগে আদালতে সোপর্দ করা হয়।
শিকল বেঁধে নির্যাতন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যারা ওই কিশোরীকে এভাবে শিকল পরিয়ে নির্যাতন করেছেন, তাদের চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোনো অভিযোগের ভিত্তিতে একজন কিশোরীকে শিকল পরানো, মারধর করা কিংবা প্রকাশ্যে অপমান-হয়রানি করার অধিকার কারও নেই জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুদিপ্ত অর্জুন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা কেবল মানবিক মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, সমাজে ভয়াবহ বার্তাও দেয়।
৫ দিন আগে
নাটোরে বাবার কাছে পাওনা টাকা আদায়ে কিশোর ছেলেকে শিকলে বেঁধে নির্যাতন!
নাটোরের গুরুদাসপুরে বাবার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে কিশোর ছেলেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক জমির মালিকের বিরুদ্ধে।
নির্যাতিত শাওন (১৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে গঙ্গারামপুর গ্রামের কাবিল হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতির জানান, উপজেলার চলনালি গ্রামের মুন্নাফ হোসেনের জমি লিজ নিয়ে পেয়ারা বাগান গড়ে তোলেন পার্শবর্তী গঙ্গারামপুর গ্রামের কাবিল হোসেন।
আরও পড়ুন: শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১ নেতা ও ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করল ইবি
তিনি আরও বলেন, ফলন বিপর্যয়ের কারণে ঠিকমতো টাকা পরিশোধ করতে পারেননি কাবিল। এ অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে শাওনকে বাগান থেকে পেয়ারা সংগ্রহ করতে গেলে মুন্নাফ তাকে তুলে নিয়ে গিয়ে শিকলে বেঁধে দফায় দফায় নির্যাতন চালায়।
খবর পেয়ে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় দুপুর ২টায় শাওনকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১ নেত্রী ও ৪ কর্মী বহিষ্কার
১২৮৩ দিন আগে