মোটরসাইকেল
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের মোহাদ্দিস খান (২০) ও সতং গ্রামের শেখ নয়ন মিয়া (২০)।
আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে চড়ে চার যুবক চান্দপুর চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মোহাদ্দিস ও শেখ নয়ন নিহত হন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩ দিন আগে
তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত
ঢাকার তুরাগে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান (৪৮) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানের সামনের সড়কে হাসান রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামের আব্দুস সুবহানের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় লেবেল অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং নলভোগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
হাসানের প্রতিবেশী মো. কবির হোসেন জানান, রাতে কারখানায় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন হাসান। নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তুরাগ থানাকে জানানো হয়েছে।
৪ দিন আগে
ভাটারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ১০টি কর্মসূচিতে বাংলাদেশের কূটনৈতিক, আঞ্চলিক, মানবিক ও অর্থনৈতিক স্বার্থ গুরুত্ব পেয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেন, দিনের কর্মসূচিতে বহুপক্ষীয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি শুরু করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃরাশে অংশ নিয়ে। রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীদের সম্মানে আয়োজিত ওই প্রাতঃরাশের পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্বের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
আঞ্চলিক পর্যায়ে তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও অংশীদারত্ব জোরদারসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতাসহ দুই দেশের সামগ্রিক অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির বলেন, ভুটানের প্রধানমন্ত্রীও দুই দেশের বিশেষ সম্পর্ক এবং এ অংশীদারত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাহ্দী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ইউএনএইচসিআরের প্রতিনিধিদের ও মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এছাড়া তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। এতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্ব জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তেল, গ্যাস ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে সৃষ্ট বৈদেশিক অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা এবং তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান কর্মসূচিতে সহায়তা বাড়াতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে।
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছিল বলেও জানান মাহ্দী।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকতে না পারায় তার মনোনীত একটি উচ্চপর্যায়ের দল মেটার সঙ্গে বৈঠক করেছে।
তিনি বলেন, বাংলাদেশে মেটার ব্যবহারকারীর সংখ্যা অনেক হওয়ায় আলোচনায় কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্মসংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে।
প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১২টি কর্মসূচি নির্ধারিত ছিল। এর মধ্যে সময়ের সীমাবদ্ধতার কারণে ইউরোপীয় কাউন্সিল ও মেটার সঙ্গে বৈঠক—এ দুটি কর্মসূচিতে তিনি ব্যক্তিগতভাবে অংশ নিতে পারেননি বলে মাহ্দী জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এসব কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার সরকারের প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।
সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, জাতিসংঘে বাংলাদেশের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ এ কে এম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিউর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক খান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব সংস্থাটিতে এটিই হবে তার প্রথম ভাষণ।
৫ দিন আগে
৩ মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
এর আগে গতকাল (বুধবার) রাতে সদর উপজেলার রানীহাটি-বৈলতলা এলাকা থেকে তিনজন এবং শিবগঞ্জ উপজেলা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার হাউসনগরের আব্দুস সালাম, দাদনচক এলাকার সোহেল রানা, আসিফ, তারাপুর-মুন্নাপাড়ার মোহাম্মদ আলী, শ্যামপুর সাহাপাড়ার ইমন রেজা ও কয়লাদিয়াড় গ্রামের আশিক।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল বুধবার রাতে রানীহাটি-বৈলতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আব্দুস সালাম, সোহেল রানা ও আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা মোটরসাইকেল চুরির পর জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করেন। কোনো কোনো ক্ষেত্রে মোটরসাইকেল বিক্রি করতে না পারলে এর পার্টস খুলে বিক্রি করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও মোটরসাইকেল চুরির মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
১১ দিন আগে
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আফরিন ইভা (৩৪) ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী। তিনি ভালুকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইভা তার স্বামীর মোটরসাইকেলে করে ভালুকা থেকে ময়মনসিংহ সদরের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে ময়মনসিংহ শহরে ঘোরাঘুরির পর তারা ভালুকায় ফিরছিলেন। পথে স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে ইভা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, সড়কের স্পিড ব্রেকারে সাদা রঙের কোনো চিহ্ন ছিল না। এ কারণে সেটি দেখতে না পেয়ে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে ইভা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। তবে তার স্বামী মেহেদী হাসানের কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ওসি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৫ দিন আগে
রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত
রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্দা গ্রামের লালমন রায়ের ছেলে সূর্য রায় (১৯) এবং শলেয়াশাহ লালচাঁদপুর গ্রামের পদা রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সূর্য ও গাড্ডু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সূর্য মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং গাড্ডু পেছনে বসেছিলেন।
দুপুর ২টার দিকে তারা ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
৩৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট ) ভোর ও দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর ও কানসাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫) এবং একই উপজেলার শেখটোলা এলাকার এরফান আলীর ছেলে আসাদ (১৯) ও জাফর আলীর ছেলে জাবের আলী (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি কালভার্টের নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, হাবিবুর রহমান ও আবুল হায়াত কানসাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বালিয়াদিঘিতে ফিরছিলেন। পথে অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়। পরে পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কানসাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী আরও দুই যুবক নিহত হন।
শিবগঞ্জ থানার পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিবগঞ্জ থেকে কানসাটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী আসাদ নিহত হন। এত অপর মোটরসাইকেলআরোহী জাবের আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক এখনও পলাতক রয়েছেন।
৪১ দিন আগে
যশোরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
যশোরের শার্শা উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদ ইসলাম (৩৫) ও উষা রহমান (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল হোসেন নামে আরও এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে এবং উষা রহমান বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (সোমবার) সকাল ৯টার দিকে তিন যুবক মোটরসাইকেলে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তারা রুদ্রপুর-গোগাগামী সড়কের সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও উষা। গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, স্থানীয় জনতা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
৭০ দিন আগে
দিনাজপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী মা-ছেলে নিহত
দিনাজপুরের বীরগঞ্জে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার ৩ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক গৃহকর্তা নাজমুল হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে নাস আব্দুল্লাহ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) ভোরে স্ত্রী ও সন্তানকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে নিয়ে যেতে কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন নাজমুল হোসেন।
পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর মোড়ে মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয় একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান। এ সময় ফাহিমা আক্তার ও তার ছেলে রাস্তায় ছিটকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
ওসি আরও জানান, মোটরসাইকেলচালক নাজমুল হোসেন দূরে ছিটকে পড়ায় আহত হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৮৩ দিন আগে
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী ২ বন্ধু নিহত
গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে তারা এ সড়ক দুর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার হোসেন চাকরি করতেন।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার হোসেন দুটি মোটরসাইকেলে চড়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন। তারা সেখানে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ ওসি।
৮৭ দিন আগে