রাজস্ব কর্মকর্তা
রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালাল কারা
নওগাঁয় জুনায়েদ সাকী (৩৭) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ সদর হাসপাতালে ফেলে পালিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নওগাঁ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহ রেখে তারা সরে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে দুজন লোক মরদেহটি নিয়ে আসে। এরপর জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে মরদেহটি ট্রলির ওপর ফেলে তারা চলে যায়। পরে তাকে ট্রলিতে উঠিয়ে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, ওই দুই লোক পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাদের অনেক ডাকাডাকি করেছি, কিন্তু তারা না শুনে দ্রুতই সটকে পড়ে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে জেলার মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে এসেছিলেন জুনায়েদ। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। হলুদ রঙয়ের একটি পিকআপ ভ্যান ভোর সাড়ে ৫টার দিকে তার ক্ষতবিক্ষত মরদেহ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা তাকে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুনায়েদের পরিচয় নিশ্চিত করে নওগাঁ কাস্টমসের সহকারী রাজস্ব কমিশনার রাশেদ আহম্মেদ জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবার নাম মনজুরুল হক। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। তার স্ত্রী নওগাঁর একটি কলেজের শিক্ষিকা। আজ (বুধবার) সকালে ট্রেনে করে ঢাকা থেকে সান্তাহারে নামেন। এরপর আর কিছু জানা যায়নি। পরে হাসপাতালে থেকে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়।
২৫০ শয্যা নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহেনুমা মুনমুন বলেন, জুনায়েদকে মৃত অবস্থায় পাই আমরা। প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত করার জন্য নওগাঁ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কারা তাকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে পালিয়ে গেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
১১ দিন আগে
রাজস্ব কর্মকর্তা মতিউরের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট খারিজ
ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট উত্থাপিত হয়নি (নট প্রেসড রিজেক্ট) মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মতিউরের আইনজীবী এস এম শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সব সম্পদ জব্দের নির্দেশ আদালতের
এর আগে রবিবার মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। তার পক্ষে এস এম শামীম হোসাইন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ২৪ জুন মতিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে আদালত তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা দেন। দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারি করেন।
আরও পড়ুন: সাবেক এনবিআর সদস্য মতিউরকে সোনালী ব্যাংকের বোর্ড থেকে অপসারণ
৪৪৭ দিন আগে
চট্টগ্রাম কাস্টমসের ১১ কর্মকর্তাকে বদলি
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ১১ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই করা এক আদেশে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর ও সিলেট কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।
আদেশে চট্টগ্রাম কাস্টমস হাউসের ছয় রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে থাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।
এরমধ্যে রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেনকে রাজশাহীতে, মো. নিজাম উদ্দীনকে রংপুরে, আবু সুফিয়ানকে খুলনায়, দেবোত্তম কুমার দেবনাথ ও মো. ছাদিকুল ইসলামকে যশোরে এবং মো. এনামুল হককে সিলেটে বদলি করা হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ও সুজিত কুমার বিশ্বাসকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে, অসিত কুমার আচার্য্যকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, নাজমুল ইসলামকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. শাহীন আখতারকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: কাস্টমসের অডিট কমিশনার এনামুলের বিরুদ্ধে দুদকের মামলা
এদিকে, ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেটের মো. এমরান হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে এবং খুলনা কাস্টমস হাউসের সেন নারায়ণ চন্দ্র, নাজমুল আহসান ও মো. জয়নাল আবেদীনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. নুরুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউসে;
কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মোসাম্মৎ তহুরুন্নেছাকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিপ্লব কুমার সরকারকে চট্টগ্রাম কাস্টমস হাউসে বদলি করা হয়েছে।
এ ছাড়া রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সৈয়দ আরিফুর রহমানকে চট্টগ্রাম কাস্টমস হাউসে এবং সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. হাফিজুর রহমান ও মো. আবদুল কাদেরকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।
খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মরত মো. তরিকুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউসে এবং যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মরত মো. মোফাজ্জল হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়েছে।
বদলির আদেশে তাদের আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি, শুল্কায়ন বন্ধ
চট্টগ্রাম কাস্টমসে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ২৩
৯১৩ দিন আগে