স্কুল ফিডিং
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, তদন্ত কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনার পর খাবারের গুণগত মান যাচাই ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম বলেন, গতকাল (বুধবার) দুপুরে উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর ১২ শিক্ষার্থীর পেটে ব্যথা ও বমি হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে পরে ওই দিনই বাড়ি ফিরে গেছে।
এদিকে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন সাইফুল ইসলাম ।
তদন্ত কমিটিকে স্কুল ফিডিংয়ের সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং এর জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর খাবারের মান ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
১৫ দিন আগে
স্কুল ফিডিংয়ে অনিয়ম সহ্য করা হবে না: ববি হাজ্জাজ
প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে অনিয়মের ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ নীতির উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাবার বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সপ্তাহে নির্ধারিত পাঁচ দিনের খাদ্যতালিকায় কোনো ব্যত্যয় ঘটলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি স্বীকার করেন যে, কর্মসূচির শুরুর দিকে কিছু গাফিলতি লক্ষ্য করা গিয়েছিল। তবে বর্তমানে তা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করতে নির্ধারিত খাবারের মানের ক্ষেত্রে কোনো রকম আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এ অঞ্চলের ভৌগোলিক বাস্তবতাকে মাথায় রেখে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। হাওরের শিশুদের শিক্ষার মূল স্রোতে ধরে রাখা ও শিক্ষার সার্বিক মান বাড়াতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। স্থানভিত্তিক সুনির্দিষ্ট চাহিদা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সহকারী শিক্ষকদের পদায়ন ত্বরান্বিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, পুলিশ ক্লিয়ারেন্স-সংক্রান্ত প্রক্রিয়া শেষ না হওয়ায় পদায়নে কিছুটা বিলম্ব হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই সকল নিয়মকানুন সম্পন্ন করে প্রায় ১৪ হাজার নতুন শিক্ষককে পদায়ন করা হবে। পদায়নের পর তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ দিয়ে দ্রুত শ্রেণিকক্ষে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পিটিআইয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী তাহিরপুর উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।
৮১ দিন আগে
১৫০ উপজেলায় চালু হচ্ছে স্কুল ফিডিং: গণশিক্ষা সচিব
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, নতুন আঙ্গিকে দেশের ১৫০ উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি চালু হবে।
তিনি বলেন, এর মাধ্যমে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। এটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত রচনা করবে।
আরও পড়ুন: ‘কালের কথা’র মোড়ক উন্মোচন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
শনিবার (১৯ আগস্ট) সকালে পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট-২০২২’ এর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সচিব বলেন, এবারে শিশুদের পুষ্টি সমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি ভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হবে। যা হবে শিশুর কাছে আকর্ষণীয়।
তিনি আরও বলেন, এসব খাবার শিশুর চাহিদা পূরণ ও শরীর গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
সচিব বলেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ হবে, স্কুলে আসার সংখ্যা বাড়বে। যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তৃতা করেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, ব্রিটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহীনুর শাহীন খান প্রমুখ।
আরও পড়ুন: নভেম্বরের মধ্যে নতুন বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে: প্রাথমিক ও গণশিক্ষা সচিব
পাঠ্যপুস্তক শিশু মনে ভীতির নয়, প্রীতির ভাব জাগাবে: প্রাথমিক ও গণশিক্ষা সচিব
১১৫৪ দিন আগে