জাল সনদ
জাল সনদে চাকরি, বেরোবির সহকারী পরিচালক ‘সাময়িক’ বরখাস্ত
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, সনদ যাচাইয়ে জাল সনদ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এ কারণে সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিয়োগের সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদ জমা দেন। পরবর্তীতে সনদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কাছে চিঠি পাঠায়। জবাবে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা জানায়, সোহেল রানার নামে তারা কোনো স্নাতক বা স্নাতকোত্তর সনদ ইস্যু করেনি। এরপর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জাল সনদ ব্যবহার-সংক্রান্ত অন্যান্য অভিযোগও যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য ড. শওকাত আলী বলেন, জাল সনদে চাকরি করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে। সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরও যদি তিনি দোষী সাব্যস্ত হন, তবে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অভিযোগে আরও বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, যারাই দোষী হিসেবে চিহ্নিত হবেন, তাদের শাস্তির আওতায় আনা হবে।
৪ দিন আগে
ভুয়া নিবন্ধন সনদে চাকরি: শিক্ষকের বিরুদ্ধে মামলার নির্দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল ও ভুয়া নিবন্ধন সনদ দিয়ে চাকরি করায় এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
২৩৭৭ দিন আগে