বনানী
বনানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর বনানীতে সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাস বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজা আক্তার বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকার দুলাল হোসেনের মেয়ে। বর্তমানে পরিবারটি সাততলা বস্তিতে বসবাস করছে।
পেশায় পরিচ্ছন্নতাকর্মী বাবা দুলাল জানান, সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওযা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
৭ দিন আগে
গুলশান, বনানীসহ ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি এলাকার লেকগুলোর দূষণ রোধ এবং পরিবেশের উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, পয়ঃশোধনাগার বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সেগুলোর সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়ঃবর্জ্য ও দূষিত পানি প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি এবং ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।
সমস্যা সমাধানে গঠিত একটি কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর কাছে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ উপস্থাপন করে।
লেকে পয়ঃবর্জ্য প্রবেশের সব পথ বন্ধ করা, ভবনভিত্তিক এসটিপি স্থাপন ও বিদ্যমান পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
গুলশান-বনানী এলাকায় শর্তসাপেক্ষে পয়ঃনিষ্কাশন বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ক্যাচমেন্ট এলাকা বা পানি সংগ্রহের জন্য এলাকা গড়ে তোলার সুপারিশও করা হয়।
লেক পরিষ্কারের কার্যক্রম জোরদার করতে ভাসমান বর্জ্য অপসারণে ব্যবহৃত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি লেকের তলদেশে জমে থাকা স্লাজ ভাসমান এক্সক্যাভেটরের মাধ্যমে অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন।
ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫-এর আওতায় প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত কি না, তা শনাক্ত করতে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে যৌথভাবে কাজ করার সুপারিশ করা হয়।
লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানোর যন্ত্র বা এরেটর স্থাপন, দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি স্যানিটেশন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
রাজউকের আওতাধীন লেকগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সার্বিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে ৪২ জন জনবল নিয়ে গঠিত পাঁচটি বিশেষ টিম ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ দিন আগে
বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
রাজধানীর বনানীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশুমেলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন— সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।
আহতদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধের বিষয়ে সাক্ষাতের কথা ছিল।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান। অন্যদিকে, আরিফ সাত থেকে আটজন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৯৯ দিন আগে
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে ডেন্টাল হাসপাতালের কর্মচারী গুলিবিদ্ধ
রাজধানীর বনানীর মহাখালী পুরাতন কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে মিরপুর ডেন্টাল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
গুলিবিদ্ধ রফিকুল বরগুনা সদরের ঘরবাড়িয়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মহাখালী আইপিএস স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।
রফিকুলের বোন রাশেদা বেগম জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে মহাখালী পুরাতন কাঁচাবাজার এলাকায় দুটি মোটরসাইকেলে চড়ে এসে ৫ থেকে ৬ জন লোক রফিকুলের পায়ে গুলি করেন। এরপর তারা পালিয়ে যান। আমার ভাইয়ের বাম পায়ে হাঁটুর নিচে গুলি লাগলে তিনি আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা সে বিষয়ে কিছুই জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, গত রাতে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
১৪৯ দিন আগে
রাজধানীর বনানীতে পথশিশু ধর্ষণের শিকার
রাজধানী বনানী থানার ক্যানসার হাসপাতালের পিছনে ৯ বছর বয়সী একটি শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। অপরাধীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৫ জুলাই) বনানী থানার পুলিশ ইউএনবিকে এমন তথ্য জানিয়েছেন।
শিশুটির বাড়ি ময়মনসিংহে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম । তিনি বলেন, বাবা-মায়ের সাথে সে ফুটপাতে বসবাস করত। গতকাল রাত আটটায় (ভিকটিম) মেয়েটির মুখ বেঁধে অজ্ঞাত পরিচয়ের একজন পুরুষ বনানী থানাধীন ক্যানসার হাসপাতালের পিছনে ধর্ষণ করে পালিয়ে যায়।
‘পরে তার কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে গতকাল রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান,’ বলেন তিনি।
আরও পড়ুন: মিটফোর্ড হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান মোহাম্মদ রফিক।
অপরাধীকে শনাক্ত করতে পেরেছেন কিনা; জানতে চাইলে বনানী থানার ইন্সপেক্টর অপারেশন মেহেদী হাসান বলেন, ‘আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, ওখানে যে পথশিশু থাকে, তাদের মধ্য থেকেই একজনন কাজটি করেছেন। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে। তার চিকিৎসা চলছে। সে তো বাইরে এসে অপরাধীকে শনাক্ত করে দিতে পারছে না।’
তিনি বলেন, ‘তারপরেও রাস্তার পথশিশুদের ছবি তুলে হাসপাতালে পাঠাচ্ছি, ভুক্তভোগী যাতে অপরাধীকে শনাক্ত করতে পারে। অপরাধীকে ধরতে আমাদের কার্যক্রম চলছে।’
৪৪৬ দিন আগে
বনানীতে বিআরটিএ’র সামনে সিএনজি চালকদের বিক্ষোভ
ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে করেন সিএনজি চালিত অটোরিকশার একদল চালক।
রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজট দেখা দিলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
পুলিশ বলেছে, এই চালকরা মূলত রাজধানীর বাইরের এলাকা থেকে আসা, এবং তারা রাজধানীজুড়ে অটোরিকশা চালানোর অনুমতির দাবিতে সড়ক অবরোধ করেন। বর্তমানে এই চালকদের রাজধানীর অভ্যন্তরে চলাচলের অনুমতি নেই।
পড়ুন: একসময় জঙ্গিবাদ নাটক ছিল: ডিআইজি রেজাউল করিম
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার ইউএনবিকে জানান, ঢাকার বাইরে থেকে আসা একদল সিএনজিচালক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বিআরটিএ অফিসের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এরপর থেকে উত্তরা থেকে মোহাখালী ও মোহাখালী থেকে উত্তরা উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের একটি সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে ঢুকতে চাওয়া যানবাহনগুলোকে কাকলি–গুলশান-২–গুলশান-১–আমতলী বা গুলশান-১ থেকে পুলিশ প্লাজা হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
বাহিরমুখী যানবাহনও একইভাবে বিকল্প পথে চালিত হচ্ছে, এবং উড়াল সড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, উত্তরা থেকে তেজগাঁও ও হাতিরঝিলগামী যানবাহনও উড়াল সড়ক হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্য স্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
৪৪৮ দিন আগে
বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতদের একজন মোটরসাইকেল চালক আশরাফুর রহমান আশিক (২৪), অপরজন আরোহী আসিফ মাহমুদ সম্পদ (২৫)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার ইউএনবিকে জানান, সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০–এর মধ্যে বনানীতে এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশসহ নিহত ২, আহত ১
তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, মোটরসাইকেল চালক আশিক সম্প্রতি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাইড শেয়ারিং করছিলেন। নিহত আরোহী আসিফ মাহমুদ একজন মেরিন ইঞ্জিনিয়ার।
৪৯৭ দিন আগে
বনানীতে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত
রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (আনুমানিক ৩২) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে বনানী ২৩ নম্বর রোডের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বনানী ২৩ নম্বর রোডের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই নারী। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩০
তিনি জানান, নিহত নারীকে দেখে মনে হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে সিআইডিকে জানানো হয়েছে এবং তার আঙুলের ছাপ বিশ্লেষণ করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনাকবলিত যানটি শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
৫০৬ দিন আগে
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, অবরোধে তীব্র যানজট
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটেছে।
সকাল ৬টার এ ঘটনার প্রতিবাদে সহকর্মীরা বিমানবন্দর সড়ক বন্ধ করে রাখেন। এক্সপ্রেসওয়েতেও যান চলাচল আটকে দিয়েছেন শ্রমিকরা। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, মিনারা নামে ১৯ বছরের একজন গার্মেন্টস কর্মী বনানী চেয়ারম্যান বাড়ির কাছে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। খবর ছড়িয়ে পড়লে আশেপাশের তিনটি গার্মেন্টস কর্মীরা রাস্তায় নেমে এসে মূল সড়ক অবরোধ করে রেখেছে। আমরা চেষ্টা করছি রাস্তা ক্লিয়ার করতে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় দুই বন্ধু নিহত
ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মফিজুল ইসলাম সকাল ৯টার দিকে জানান, দুর্ঘটনার পর থেকে রাস্তা বন্ধ আছে। পুলিশ বিভিন্ন বিকল্প সড়ক দিয়ে যানবাহন গুলোকে গন্তব্যে পাঠানোর চেষ্টা করছে।
ট্রাফিক গুলশান বিভাগের ফেইসবুক পেজে জানানো হয়েছে, আজ সকালে বনানীস্থ চেয়ারম্যান বাড়ি ইউ টার্ন ইনকামিংয়ে একজন নারী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তবে কোন পরিবহন এই দুর্ঘটনার জন্য দায়ী, তা জানা যায়নি।
‘দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা ইনকামিং/আউট গোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। এছাড়া গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।’
এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ ও গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউট গোয়িং এ চলাচল করা যাচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, জানায় ট্রাফিক গুলশান বিভাগ
৫৭৩ দিন আগে
বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২টা ৫২ মিনিটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর খিলগাঁওয়ে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
এফএসসিডির মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত পৌনে ২টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় প্রায় বস্তির ২৬টি ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।
৫৮৯ দিন আগে