পূর্ণকালীন সদস্য
ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবি অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শনিবার (২৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। ইতোমধ্যে তিনি কমিশনের চেয়ারম্যানের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন।
ড. আব্দুল্লাহ-আল-মামুন আন্তর্জাতিক পর্যায়েও শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অ্যাডেলফি ইউনিভার্সিটিতে ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপ লাভ করেন। এছাড়া ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে জাপান ফাউন্ডেশন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডের অর্থনীতি, অর্থায়ন এবং হিসাববিজ্ঞান বিভাগ থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট লাভ করেন।
এছাড়া ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থামব্রিয়া থেকে সার্টিফিকেট ইন ল ডিগ্রি অর্জন করেন। তিনি মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। ড. মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জাপানিজ স্টাডিজ, উন্নয়ন পরিকল্পনা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সহায়তা কার্যকারিতা, উন্নয়ন সমাজবিজ্ঞান ও রাজনৈতিক সমাজবিজ্ঞান।
ড. মামুনের দেশ-বিদেশে দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি ও লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি, জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ ও ইউনিভার্সিটি অব কোবে, ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়ায় শিক্ষকতা ও লেকচার প্রদান করেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), মন্ত্রিপরিষদ বিভাগ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), বাণিজ্য মন্ত্রণালয়, ব্র্যাক, আশা, ইউএসএআইডি, ইউএনডিপি, জেট্রো, জাপান ফাউন্ডেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) সঙ্গে কাজ করেছেন।
গবেষণা ও প্রকাশনায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ড. আব্দুল্লাহ-আল-মামুনের প্রকাশিত বই, বইয়ের অধ্যায় ও গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫০টির বেশি। তার গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি স্প্রিঙ্গার, রাউটলেজ, প্যালগ্রেভ ম্যাকমিলান এবং এমেরাল্ডের মতো খ্যাতনামা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে তার বই ও বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে।
৭ দিন আগে
ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন মাছুমা হাবিব
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মাছুমা হাবিব।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে ড. মাছুমা হাবিব যোগদান পত্র পেশ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ড. মাছুমা হাবিবকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তিনি অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
আরও পড়ুন: ইউজিসি ও এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের মধ্যে সমঝোতা স্মারক সই
উল্লেখ্য, মাছুমা হাবিব বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিশ্ববিদ্যালয়টির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট ও সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি বাকৃবি থেকে ১৯৯২ সালে অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে বিএসসি এবং ১৯৯৮ সালে অ্যানিম্যাল নিউট্রেশন বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।
তিনি ডিএফআইডি ও ব্রিটিশ কাউন্সিল ফেলোশিপ, অরেঞ্জ নলেজ প্রোগ্রাম ও নেদারল্যান্ডস ফেলোশিপ প্রোগ্রাম প্রাপ্ত হন।
মাছুমা হাবিব বাংলাদেশ মিট সাইন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্য।
আরও পড়ুন: ইউজিসি সদস্য হলেন বুয়েটের অধ্যাপক ড. সাইদুর রহমান
৫২৮ দিন আগে
ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক জাকির হোসেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন।
বুধবার (১৯ জুন) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের কাছে তিনি যোগদানপত্র পেশ করেন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা বাড়াতে চায় ইউজিসি
এরপর তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেন।
গত ১৩ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেন। কমিশনের সদস্য হিসেবে অধ্যাপক জাকির হোসেন প্রচলিত বিধি অনুযায়ী বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
অধ্যাপক জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি সম্পন্ন করে সুইডেনের বিটিএইচ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
তার ২০টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চারটি ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা আটটি। তিনি জবির জার্নাল অব বিজনেস স্টাডিজের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য সংরক্ষণের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
৭১০ দিন আগে