প্রাথমিক নিবন্ধন
হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই
২০২৭ সালের হজের জন্য আগামী ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীরা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (২২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাথমিক নিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা চাইলে ঘোষিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন। অন্যথায়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে নিজে ব্যবহারকারী তৈরি করে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং হজ অফিস, আশকোনা থেকে নিবন্ধন করা যাবে। এছাড়া তালিকাভুক্ত যেকোনো হজ এজেন্সির মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকবে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ—হজ প্যাকেজ-১ ও সাশ্রয়ী হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজের পাশাপাশি এজেন্সিগুলো অতিরিক্ত তিনটি প্যাকেজ দিতে পারবে, যা হজ পোর্টালে প্রদর্শিত হবে।
প্রাথমিক নিবন্ধনের জন্য বৈধ প্রাক-নিবন্ধন সনদ এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট বাধ্যতামূলক। এছাড়া নিবন্ধনের সময় হজযাত্রীর প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।
সরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত হিসাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। বেসরকারি মাধ্যমে একই পরিমাণ অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে নিবন্ধন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরাই কেবল হজে যেতে পারবেন। হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির গুরুতর অকার্যকারিতা, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, সক্রিয় ক্যান্সারের চিকিৎসাধীন রোগী, যক্ষ্মা ও হেমোরেজিক জ্বরের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি হজে যেতে পারবেন না। পাশাপাশি গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীদের ফিটনেস সনদ দেওয়া হবে না।
নিবন্ধনের পর সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সিভিল সার্জন বা নির্ধারিত চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।
এদিকে, প্রাথমিক নিবন্ধনের আগে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজ-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে কল সেন্টারে যোগাযোগ করা যাবে।
৭ দিন আগে
১০ দিনে প্রাথমিক নিবন্ধন করেছেন ২৫ হজযাত্রী
আগামী বছর হজে যেতে গত ১০ দিনে (২৭ জুলাই থেকে ৫ আগস্ট) ২৫ হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।
বুধবার (৬ আগস্ট) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক নিবন্ধিত সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। বেসরকারি ব্যবস্থাপনা কোনো হজযাত্রী এখন পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করেননি।
গত ২৭ জুলাই থেকে আগামী বছর হজের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। চার লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ প্যাকেজ ঘোষণার আগে নিবন্ধনের গতি ধীর থাকে। প্যাকেজ ঘোষণা হলে তখন দ্রুত কোটা পূরণ হয়ে যায়। কারণ এখনো হজযাত্রীরা জানেন না যে এবার হজে যেতে কত টাকা খরচ হবে। তাই অনেকেই দেখেশুনে নিবন্ধন করবেন।
আরও পড়ুন: আগামী হজ কার্যক্রম আগেভাগে শেষ করতে হবে: কোটাসহ সময়সীমা দিল সৌদি সরকার
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
চলতি মাসের মধ্যেই হজ প্যাকেজ ঘোষণা হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, এবার ১২ অক্টোবরের মধ্যে প্যাকেজের পুরো টাকা নিয়ে হজের নিবন্ধন শেষ করতে হবে।
৩৫৮ দিন আগে
২৩ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন
হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ২৩ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে।
রবিবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ।
আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে সহজবোধ্য পূর্বাভাসের উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ অক্টোবর থেকে সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি করা শুরু হবে। তাঁবু বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে। এ কারণে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্খিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।
তাঁবু নেওয়া ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।
সেকারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ২৩ অক্টোবরের মধ্যে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে হজগমনেচ্ছু ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বেবিচক: বেবিচক চেয়ারম্যান
৬৫৫ দিন আগে