চাঁদা
বেনাপোলে চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ
বেনাপোল পোর্ট থানায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনী নামের একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।
এ ঘটনায় রবিবার (২৯ মার্চ) যশোর আদালতে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ হামলা চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন অভিযুক্তরা। এভাবেই ‘সন্ত্রাসী’ সাইফুল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মাছুম ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেছিলেন। ওই জমিতে গত ১৮ মার্চ সকালে শ্রমিক দিয়ে তার বাড়ির নির্মাণ কাজ শুরু করলে সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, লোহার পাইপ, দা ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেন।
এ সময় মাছুম বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বলেন, ‘তুই আমাদের অনুমতি ছাড়া বাড়ি করছিস কেন? এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে, তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলব।’
এ সময় তাদের আক্রমণের মুখে মাছুম চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে যান। এরপর সাইফুল ইসলাম ও তার ভাইয়েরা ফের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী মাছুম জানান, বসতবাড়িতে একটি ভবন নির্মাণ করছি। শ্রমিকরা বাড়ির কলামের কাজ শুরু করলে সাইফুল ইসলামের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের হুমকি-ধামকি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এছাড়া আমাকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করছেন সাইফুল ও তার ভাই সুজয়ের উল্লাহ। সেসব মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছেন। সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।
চাঁদা চাওয়ার বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ দিন আগে
যশোরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট
যশোরের শার্শায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে কামাল হোসেন (২৭) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে ‘সন্ত্রাসীরা’। এ ছাড়াও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলার গোগা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী কামাল হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে গোগা বাজার ও সংশ্লিষ্ট ইউনিয়নজুড়ে আধিপত্য বিস্তার করে আসছেন কথিত বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী হযরত আলী। স্থানীয়দের অভিযোগ, হযরত আলীর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। তিনি ও তার অনুসারীদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের দাপটে কেউ মুখ খুলতে সাহস পায় না।
ভুক্তভোগী কামাল হোসেন জানান, ঘটনার দিন সকালে হযরত আলী তাকে বাড়িতে ডেকে নিয়ে ৪০০ মণ রড ও ৩ হাজার বস্তা সিমেন্ট বাকি দিতে বলেন। এতে তিনি অস্বীকৃতি জানিয়ে চলে আসেন। এরপর বিকেলে হযরত আলীর সহযোগীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ব্যবসা করতে হলে ওই টাকা দিতে হবে বলে হুমকি দেন।
তিনি আরও বলেন, ‘ওই দিন সন্ধ্যায় হযরত আলী তার ২০-২৫ জন সন্ত্রাসীর দল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ক্যাশ টেবিল, গ্লাস, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। প্রাণনাশের ভয়ে আমি থানায় মামলা করতে পারছি না।’
তবে অভিযোগ অস্বীকার করে হযরত আলী বলেন, কামাল হোসেন অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সহযোগিতা করেছেন। ওই মামলায় আমার প্রায় ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা চাইতে গিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৬ দিন আগে
বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, মনিরুল ইসলাম চুক্তিভিত্তিক বালু ভরাটের কাজ করেন। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য তিনি পাইপ স্থাপন করে কাজ শুরু করেন। গত ৪ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে নিরুপায় হয়ে তিন দফায় এক লাখ টাকা দেন তিনি।
বাকি এক লাখ টাকা আদায়ের জন্য গত ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে অভিযুক্তরা আসেন। এ সময় আর টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার নামধারী দুজনসহ অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা করা হয়।
ওই মামলার প্রধান আসামি মনির সরদারকে গতকাল (শনিবার) সন্ধ্যায় ধামুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. রকিবুল ইসলাম।
এদিকে, এ ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনির সরদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
৩০ দিন আগে
চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর: বরিশালে যুবদলের দুই নেতা বহিষ্কার
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা।
বহিষ্কৃতরা হলেন— বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি বানারীপাড়া বাইশারী বাজারের আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে ওই দুই নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ওপর হামলা করা হয়। সেই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
৫৮ দিন আগে
চাঁদা না দেওয়ায় প্রবাসীকে ছুরিকাঘাত, যমুনায় ঝাঁপ দিয়েও হলো না রক্ষা
প্রাণ বাঁচাতে যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মালয়েশিয়া প্রবাসী আল আমিন মণ্ডলের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি খেয়াঘাটের কাছে বড়শিতে আটকে গেলে লাশটি টেনে তোলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত আল আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্করের ছেলে। মালয়েশিয়া থেকে চার মাস আগে তিনি দেশে ফেরেন।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর লাশ নিতে পুলিশকে কল স্বামীর
স্থানীয়রা জানান, প্রায় সাত বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন আল আমিন। ১৫-১৬ দিন আগে শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার জন্য আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এর জের ধরেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর গতকাল (শুক্রবার) বিকালে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। সে সময় প্রাণ বাঁচাতে তিনি যমুনা নদীতে ঝাঁপ দেন।
আল আমিনের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ঢালারচর গ্রামে মেয়ে দেখতে যান আল আমিন। এ সময় তার সঙ্গে ছিলেন তার মামা, বোন ও তার স্বামী। মাঝে বোনের স্বামীর মোটরসাইকেলে চড়ে তিনি রাখালগাছি বাজার যান। এর কিছুক্ষণ পর পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলামসহ (৩৫) আরও ৭-৮ জন চারটি মোটরসাইকেলে চড়ে রাখালগাছি গিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে প্রাণে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন আল আমিন।
দেবগ্রাম ইউপির রাখালগাছি ১ নম্বর ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আবু বক্কার জানান, মারধর ও ছুরিকাঘাত থেকে বাঁচতে বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আল আমিন। আমিনপুর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার খোঁজ করেও ব্যর্থ হয়।
এরপর আজ (শনিবার) সকাল থেকে ফের অনুসন্ধান শুরু হলে দুপুরে রাখালগাছি খেয়াঘাটের কাছে বড়শিতে আটকে যায় তার লাশ। প্রথমে সেটিকে বড় মাছ বা অমন কিছু ভেবে টেনে তোলার পর সেটি আল আমিনের লাশ হিসেবে শনাক্ত হয়। লাশটি ডাঙায় তোলার পর তার কপালের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানান আবু বক্কার।
আরও পড়ুন: হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়া প্রবাসী আল আমিনের কাছে স্থানীয় শাহ আলীসহ কয়েকজন এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় শুক্রবার বিকালে রাখালগাছি থেকে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।’
ওসি আরও বলেন, ‘আজ দুপুর ১টার দিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের বাঁ চোখের নিচে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।’
৩৫৩ দিন আগে
শৈলকুপায় চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখম
ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না দেওয়ায় আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় আলম শেখকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের লুৎফর শেষের ছেলে।
স্থানীয়রা জানায়, পার কাচেরকোল গ্রামের হাজী শওকত (শহীদ) এর গরু ফার্মে কাজ করতেন আলম শেখ। সম্প্রতি ফার্মের মালিককে স্থানীয় কিছু সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা ধরে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গরু ফার্মের ম্যানেজার আলম শেখের উপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আলম শেখ জানান, দীর্ঘদিন ধরে গরু ফার্মের মালিক শহীদকে কিছু চাঁদাবাজ চাঁদার দাবিতে হুমকি-ধামকি দিয়ে আসছিল। ফার্মের মালিক দেশের বাইরে থাকায় চাঁদা না পেয়ে তারা ফার্মে উৎপাত চালিয়ে আসছিল। রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশে ফার্ম থেকে বের হন তিনি। এসময় পেছন থেকে এসে কাঁচেরকোল গ্রামের লতিফ খার ছেলে ইসমাইল, তুজাম মোল্লার ছেলে শাহিদ, নারজু শেখের ছেলে হৃদয়সহ বেশ কয়েকজন তার উপর দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে।
আরও পড়ুন: নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা
হামলাকারী চাঁদাবাজরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও শালিস ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩৬৫ দিন আগে
যারা চাঁদা নেয় তারা মনে করে এটা তার অধিকার: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, অনেকে মনে করে চাঁদা দেওয়াটাও মনে হয় আমার দায়িত্ব। আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল—আমাকে ৫০ টাকা ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে এটা তার অধিকার। কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে— এখন কেন চলবে না?
উপদেষ্টা বলেন, ওইসব চাঁদাবাজদেরকে স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্ববর্তী কোনো প্র্যাকটিস আর বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার চায় গণঅভ্যুত্থানের শহীদরা জীবন দিয়েছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সে বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ের চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ যেই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে। আমরা সারা দেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই। আপনারা যেখানেই চাঁদাবাজি দেখবেন, বিভিন্ন সমিতির নামে টোকেনের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে, সেখানেই প্রতিবাদ করবেন এবং রুখে দেবেন।
আরও পড়ুন: ২৪’র রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১’র স্বাধীনতাকে রক্ষা করেছে: উপদেষ্টা আসিফ
মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতায় কুমিল্লা জেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে ৩টি ইভেন্টে কয়েকশত প্রতিযোগী অংশ নেন। হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩টি ইভেন্টের ১৬ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হয়। পরে সেখান থেকে ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে ল্যাপটপ তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, সমন্বয়ক উবায়দুল হক সিদ্দিকী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।
৩৮৩ দিন আগে
মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, সিরাজগঞ্জে নিহত ১
সিরাজগঞ্জে নির্মাণাধীন মসজিদের নামে চাঁদা তোলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মাতব্বর আজাহার আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত আরও ৮ জন।
শনিবার (১৫ মার্চ) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজাহার আলী ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন— একই এলাকার ধুলগাগড়াখালী গ্রামের আমির হামজা (২০), চর লক্ষ্মীপুর গ্রামের মোশারাফ হোসেন (৫৯), ঝালু মেটুয়ানি গ্রামের শাহিন আনোয়ার মাস্টার (৫৭)। পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ১
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘বেলকুচি উপজেলার ছোট সগুনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের চাঁদা ওঠানোকে কেন্দ্র করে গ্রামের আলাউদ্দিনের লোকজন ও কারিমুলের লোকজনের মধ্যে শুক্রবার বিকালে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার ইফতারের আগমুহূর্তে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় দলের ৯ জন আহত হন। এদের মধ্যে আলাউদ্দিনের পক্ষের আজাহারকে শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।’
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করা হয়েছে।’
৩৯৪ দিন আগে
চাঁদা না দেওয়ায় পিস্তল ঠেকিয়ে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করার অভিযোগ উঠেছে রুবেল মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৫ মার্চ) বিজয়পুর বাজারির বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপর রুবেল মজুমদারের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্যানেল চেয়ারম্যান আবু তাহের।
আবু তাহের বারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, বারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে টিসিবি কার্ডের মালামাল বিতরণ করছিলেন। এসময় বিএনপি নেতা পরিচয় দেওয়া রুবেল মজুমদার এসে তাকে নগদ অর্থ দেওয়ার দাবি করেন। টাকা না দিলে মালামাল বিতরণের কাজ করতে দেবেন না বলে হুমকি দেয়। এক পর্যায়ে পিস্তল দিয়ে তার মাথায় আঘাত ও কিল, ঘুষি দিয়ে আহত করে।
আরও পড়ুন: পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক
অভিযুক্ত রুবেল মজুমদার বলেন, প্যানেল চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকানোর বিষয়টি সঠিক নয়। আওয়ামী লীগের লোকজনকে টিসিবির পণ্য দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বাক-বিতণ্ডা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানকে মারধর করার ঘটনাটি দুঃখজনক। দোষী ব্যক্তির বিরুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
৪০৫ দিন আগে
চাঁদা না পেয়ে হকারকে ‘অপহরণ’, যুবদল নেতা গ্রেপ্তার
সিলেটে যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনার পর দল থেকে বহিষ্কার হয়েছেন গ্রেপ্তার মাধব।
রবিবার (২ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রাম থেকে জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
জয়দীপ চৌধুরী মাধব সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘জয়দীপের নেতৃত্বে গত শুক্রবার নগরীর জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া নামের এক হকারকে অপহরণ করে কয়েকজন জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে। এছাড়া আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে ও কিল, ঘুষি, লাথি মেরে জখম করে। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়।’
‘এ ঘটনায় গতকাল (শনিবার) জয়দীপকে প্রধান আসামি করে ৭-৮ জনের বিরুদ্ধে কাজল মিয়া অভিযোগ করেন। এরপর শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রামে অভিযান চালিয়ে জয়দীপকে গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।
এ দিকে, জয়দীপের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় দুজন হকারকে তুলে নেওয়ার অভিযোগ এনে শুক্রবার রাত ৯টা থেকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন শতাধিক হকার। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও বিষয়টির সুরাহা হয়নি, উল্টো পুলিশকে ধাওয়া দেন হকাররা। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা ছেড়ে যান।
হকারদের অভিযোগ, সম্প্রতি যুবদল নেতা মাধব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় ওই ব্যক্তি শুক্রবার দুজন হকারকে উঠিয়ে নিয়ে যান।
আরও পড়ুন: আদালত চত্বরে সাবেক পিপি-জিপিসহ আ.লীগ নেতাদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
পরে সেদিন রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। সে সময় তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।
এরপর মধ্যরাতে অভিযুক্ত সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপকে দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
৪০৮ দিন আগে