আ.লীগ-জাপাসহ ১৪ দল
বাংলাদেশে আ.লীগ-জাপাসহ ১৪ দলের দোসররা রাজনীতি করতে পারবেন না: রাশেদ খাঁন
বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের দোসররা কেউ রাজনীতি করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ভারতে বসে নাটাই ঘোরায়, দেশের রাজনীতিতে নাক গলায়, দিল্লিতে বসে ক্ষমতায় আসবে কি আসবে না বলে সিদ্ধান্ত নেয়, তাদের ষড়যন্ত্র আর কূটকৌশল রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে মোদির আধিপত্যবাদবিরোধী আন্দোলন আমরাই করেছিলাম। মোদির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। তাকে প্রতিহত করতে সেদিন গণঅধিকার পরিষদ মাঠে নেমেছিল এবং জেল জুলুমের শিকার হয়েছিল।
তিনি বলেন, হাসিনা ও তার দলকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত রাজনীতি করতে দেওয়া হবে না। শুধু আওয়ামী লীগই নয়, জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের আশীর্বাদপুষ্ট ১৪ দলের কোনো নেতাকর্মীকে ডামি বা স্বতন্ত্র পদে নির্বাচন করতে দেওয়া হবে না। হাসিনাকে গণহত্যা ও গণতন্ত্র হত্যার দায়ে ভারত থেকে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।
আর সরকার যদি হাসিনার দলের সঙ্গে সমঝোতা করে তাদের নির্বাচনের মাঠে নামায় তবে সরকারের বিরুদ্ধেও মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, হাসিনা তার দলের নেতাকর্মীদের চাঙা করতে ঘন ঘন অডিও ফাঁসের নাটক করছেন। এই নাটক বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
এছাড়া ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যমে পতিত স্বৈরাচার হাসিনার অডিও প্রচার বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. খন্দকার মোশাররফ
রাশেদ খাঁন বলেন, কেউ স্বীকার না করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুথানে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেছিলেন। তিনি সর্বশক্তি দিয়ে ছাত্রদের সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করে হাসিনা পতন আন্দোলন ত্বরান্বিত করেন।
তিনি বলেন, তারেক রহমান একটি ইতিবাচক চিন্তার জায়গা থেকে আমাকে সহায়তা করতে ঝিনাইদহ বিএনপি নেতাদের চিঠি দিয়েছিলেন। কিন্তু তারা হাইকমান্ডের এই চিঠির মর্মার্থ বুঝতে ভুল করে আমাকে অসহযোগিতা করে যাচ্ছেন। ঝিনাইদহ বিএনপি হাইকমান্ডের নির্দেশ মানছেন না। কার্যত তারা তারেক রহমানকেই মানেন না। তাহলে তারা কিসের দল করেন?
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমি এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা এমপি মন্ত্রী তৈরি করি, এমপি-মন্ত্রী বানায়। গণঅধিকার পরিষদ ছাত্র আন্দোলনের কারখানা। তারা ক্ষমতায় যেতে রাজনীতি করে না, পরিবর্তনের জন্য আমরা রাজনীতি করি।
তিনি আরও বলেন, আমাকে সহায়তা করতে তারেক রহমানের এই চিঠি নিয়ে যারা নোংরা খেলায় মেতেছেন তারা ছাত্র জনতার বিপ্লবে বিশ্বাস করে না। এমনটি করলে বিপ্লব ব্যর্থ হবে। ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটবে। তখন কেউ রেহাই পাবেন না। সবাইকে সজাগ থাকতে হবে।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, ঝিনাইদহে দখলবাজী, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধ চলছে। আমরা তো এসব করার জন্য বিপ্লব করিনি। এসব কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দুর্নীতির বিরুদ্ধে লিখুন। কেউ হুমকি দিলে আমি রাশেদ খাঁন আপনাদের জন্য বুক পেতে দেব।
গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কেন্দ্রীয় নেতা এবিএম আশিকুর রহমান, বিল্লাল হোসেন, গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও রিহান উদ্দীন রায়হান।
সভা পরিচালনা করেন ছাত্রঅধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: জনগণ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে: যুবদল সভাপতি
৫৯২ দিন আগে