নাফ নদ
নাফ নদ থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপ ঘোলারচর-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা হলেন— মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপ মাঝর পাড়া ও ডাঙ্গর পাড়া গ্রামে বলে জানা গেছে।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোর ৪টার দিকে তাদের ঘাটের ইঞ্জিনচালিত কিছু নৌকা নাফ নদর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টার দিকে বেশ কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে আরাকান আর্মি। পরে অস্ত্রের মুখে ৩টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় তারা। বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছেস।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আরাকান আর্মির কারণে নাফ নদে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে-নৌকার মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে। তাই এ ঘটনা বন্ধে সরকারের সহায়তা কামনা করছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, নৌকার মালিক ও জেলে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি
টেকনাফের নাফ নদ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির আটক করা ২৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বিকাল ৫টার দিকে বাংলাদেশি এসব জেলেকে ফেরত আনা হয়। গত ১১ ও ২০ ফেব্রুয়ারি ভুলবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করা ৬টি ইঞ্জিনচালিত বোটে ছিলেন ওই ২৯ জন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফিরিয়ে আনা ২৯ জেলের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
৩৯৩ দিন আগে