ক্রীড়া উপদেষ্টা
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। সর্বশেষ আইসিসির বোর্ড সভায় বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, তবে আগের অবস্থানেই অনড় থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোন বায়োবীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।’
উপদেষ্টা বলেন, ‘আমাদের নিরাপত্তা আশঙ্কা কোনো থিওরেটিক্যাল অ্যানালাইসিস থেকে তৈরি হয়নি। যেখানে আমাদের একজন খেলোয়াড় উগ্রবাদীদের চাপে নিরাপত্তা না পেয়ে কার্যত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেই দেশেই আবার বিশ্বকাপ খেলতে বলা হচ্ছে, এটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?’
তার অভিযোগ, ওই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করার মতো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
উপদেষ্টার কথায়, যে ঘটনা থেকে আমাদের আপত্তির জন্ম, সেই বিষয়টি নিয়েই আইসিসি কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। তারা শুধু বলছে, ‘স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকল আছে।’ কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে সেই প্রোটোকল কোথায় ছিল, তার কোনো ব্যাখ্যা আমরা পাইনি।
তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়। দলের সঙ্গে থাকা সাংবাদিক, কর্মকর্তাসহ সম্ভাব্য দর্শকরাও একই ঝুঁকির মধ্যে পড়তে পারেন।
আসিফ নজরুলের মতে, একটি বিশ্বকাপ খেললে আর্থিক বা ক্রীড়াগত লাভ হতে পারে সে কথা ঠিক। কিন্তু মাথা নত করে নিজেদের মানুষকে সত্যিকারের নিরাপত্তার ঝুঁকির মধ্যে ঠেলে দিলে যে ক্ষতি হতে পারে, সেটাও আমাদের বিবেচনায় নিতে হবে।
এই প্রেক্ষাপটে উপদেষ্টার স্পষ্ট বক্তব্য, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের। কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে নিরাপত্তা ঝুঁকি আছে কি না, সেটি দেখার দায়িত্ব সরকারের। এটি অন্য কারও বিবেচনার বিষয় নয়। আইসিসি বা অন্য কোনো পক্ষ এই সিদ্ধান্ত বদলাতে পারে না।
১৩ দিন আগে
আইসিসির কোনো অযৌক্তিক শর্ত মানব না: ক্রীড়া উপদেষ্টা
ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তবে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’
চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক খবরের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে—এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। কথা হচ্ছে, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে, আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোন শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’
তিনি বলেন, ‘এর আগে এমন উদহারণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে আমাদের বাধ্য করা যাবে না।’
১৬ দিন আগে
দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার সুযোগ নেই: ক্রীড়া উপদেষ্টা
দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার।’
বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হামজা চৌধুরী সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি ফুটবলে সৃষ্ট চলমান সঙ্কট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান হামজা।
বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’
হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’
সাক্ষাতে আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফিকেশনে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন ক্রীড়া উপদেষ্টা ও বাফুফে সভাপতি।
অভিযোগের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’
তাবিথ আউয়াল আরও বলেন, ‘সৃষ্ট সঙ্কট কোনো সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান তবে, ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’
আরও পড়ুন: সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা
আলোচনায় সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিযোগ ও ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। খেলোয়ার নির্বাচনে যেনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’
যেকোনো সঙ্কট মোকাবিলায় বাফুফেকে আরও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরও আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
৩২২ দিন আগে