ঠাকুরগাঁও সীমান্ত
৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্ত থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ
প্রায় ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর গতকাল (রবিবার) গভীর রাতে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এর ফলে বর্তমানে তারা আর বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না।
এর আগে, বিএসএফ গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক নজরদারির কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় এবং সেখানেই টানা প্রায় ৪৮ ঘণ্টা কাটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শূন্যরেখায় অবস্থানকালে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রচণ্ড গরম, খোলা আকাশ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যে দিন-রাত কাটাতে হয় তাদের। বিশেষ করে তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং কয়েকজন শিশু থাকায় মানবিক সংকট আরও প্রকট হয়ে ওঠে। শিশুদের কান্না, তীব্র রোদ ও রাতের অনিশ্চয়তা নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
৭ দিন আগে
ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগদল সীমান্তের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের মিস্টার (৩২), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার হামিদুল ইসলাম (৩১) ও একই এলাকার শামীম (২৪)। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তারা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের জগদল বিওপি সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল চার বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর টিমগাঁও বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘আটকের খবর পাওয়ার পর তিনি এলাকায় খোঁজখবর নিয়েছেন। তবে স্থানীয় কেউ আটকদের পরিচয় নিশ্চিত করেনি। তবে এটি নিশ্চিত যে, চারজন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে আটক হয়েছেন।’
এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আটক যুবকরা ভারত থেকে কাটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে।’
তিনি বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকালে বৈঠক হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তাদের ফিরিয়ে আনা যায়।’
৪০৪ দিন আগে