ভাঙারি ব্যবসায়ী
নওগাঁয় পুকুর থেকে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে মহিদুল ইসলাম (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিদুল ইসলাম উপজেলার ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ঘুরে ঘুরে ভাঙারি (পুরাতন লোহা, প্লাস্টিক ও অব্যবহৃত জিনিসপত্র) কেনাবেচার ব্যবসা করতেন।
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, গতকাল (সোমবার) সন্ধ্যার পর থেকে মহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা রাতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে স্থানীয়রা ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। তারা সঙ্গে সঙ্গে নিয়ামতপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
৬ দিন আগে
মিটফোর্ড হত্যায় ভিডিও থাকার পরেও হামলাকারীদের ধরা হচ্ছে না কেন, প্রশ্ন তারেকের
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ভিডিওতে স্পষ্ট দেখা গেলেও হামলাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ‘সরকারের নীরবতা’ এবং ‘অন্তর্বর্তী সরকারের পরোক্ষ প্রশ্রয়’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১২ জুলাই) ঢাকায় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ ১৪২ পরিবারের সদস্যদের সঙ্গে’ ভার্চুয়াল মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তারেক বলেন, ‘গতকালকের ঘটনাটি দেখে আমরা বিস্মিত। খুনিরা কারা তা পর্দায় স্পষ্ট দেখা গেছে, কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। তাহলে কি ধরে নিতে হবে, যারা দেশব্যাপী মব ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা সরকারের নীরব প্রশ্রয় কিংবা প্রশাসনের কোনো কর্মকর্তার মদদ পাচ্ছে?’
পড়ুন: মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের বিচার দ্রুতই হবে: আইন উপদেষ্টা
তিনি বলেন, ‘অপরাধী যেই হোক, তার শাস্তি হওয়া উচিত। অপরাধী মানেই অপরাধী। আইনের ভিত্তিতে বিচার হতেই হবে। কোনো অপরাধীর পরিচয় রাজনৈতিক হতে পারে না।’
বিএনপি নেতা অভিযোগ করেন, দেশে নানা স্থানে সহিংসতার ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ‘দেশের জনগণ প্রশ্ন করছে—সরকার এত চুপ কেন? যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?’
ছাত্রদলের আয়োজনে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে পরিবারগুলো তাদের শোক ভাগাভাগি করেন। অনেকে বিচার দাবি করেন এবং হত্যাকাণ্ডের দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
তারেক শহিদ পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, ‘বিচার প্রক্রিয়ায় দেরির বিরুদ্ধে জোরালোভাবে আওয়াজ তুলতে হবে।’ একই সঙ্গে যারা ‘মবের মাধ্যমে বিচারকে বিলম্বিত করতে চায়’, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আশ্বস্ত করেন, ‘যদি বিএনপি জনগণের সমর্থনে আগামী দিনে সরকার গঠন করতে পারে, তাহলে শহিদদের রক্তের যথার্থ মর্যাদা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে। যারা গণআন্দোলনের সময় নিরীহ মানুষ হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করাই হবে বিএনপির অগ্রাধিকার।’
৪৪৩ দিন আগে