জুলাই শহিদ দিবস
ক্ষমতায় যারাই আসবে, তাদের শাসক নয়, সেবক হতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে, তাদের জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে। ক্ষমতায় আসলে শুধুমাত্র শাসক নয়, জনগণের সেবক হতে হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
বেরোবির স্বাধীনতা স্মারক মাঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আবু সাঈদ মৃত্যুকে ভয় না করে দুই হাত প্রসারিত করে পুলিশকে বলেছিলেন, “করো গুলি।” তিনি মৃত্যুকে জয় করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সব ছাত্র-জনতা মৃত্যুঞ্জয়ী হয়ে রাজপথে নেমেছিল। মা তার শিশুকে নিয়ে রাজপথে নেমেছিলেন, বাবা অফিস শেষ করে রাজপথে এসেছিলেন। আবু সাঈদ, ওয়াসীম ও মুগ্ধের রক্ত সারা বাংলাদেশকে নাড়া দিয়েছিল।’
আজকের দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ ও লালন করে। যারাই ক্ষমতায় আসবে, তাকেই জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে। তাই যারাই ক্ষমতায় আসবে, তাদের শাসক নয়, সেবক হতে হবে।’
শহিদ আবু সাঈদের কথা স্মরণ করে আহমেদ আযম খান বলেন, ‘আবু সাঈদ ১৬ জুলাই রক্ত দিয়ে ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, গণতন্ত্রকে মুক্ত করেছেন। আমরা তার কাছে চিরঋণী।’
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সমালোচনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অনেকে বলে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে দ্বিধা করছি। অথচ আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাইকে যথাযথ সম্মান করে সবার আগে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল হওয়া দরকার, টিএসসি, আবু সাঈদ গেট ও আবু সাঈদের স্মৃতিস্তম্ভ হওয়া দরকার, সবগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, ‘রংপুরে শিল্পকারখানা তৈরি করা হবে যার ফলে বেকারত্ব হ্রাস পাবে। বর্তমান সরকার শহিদদের চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।’
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ। ওই বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর খবর পুরো বিশ্বকে নাড়া দেয়। পরে বিক্ষুব্ধ জনতা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
১৮ ঘণ্টা আগে
জুলাই শহিদ দিবসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ নিহত হন। এই দিনটিকে ‘জুলাই শহিদ দিবস’ ঘোষণা করেছে সরকার।
গতকাল মঙ্গলবারই (১৫ জুলাই) জুলাই শহিদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
শহিদদের মাগফেরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনা করে আজ বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ জোহরের নামাজের পর দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
৩৬৬ দিন আগে
জুলাই শহিদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই শহিদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক ‘নতুন বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৬ জুলাই) জুলাই শহিদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান।
জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই শহিদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো—আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।
গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে যারা নিজেদের উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে প্রথমবারের মতো আজ (বুধবার) পালিত হচ্ছে জুলাই শহিদ দিবস। দিবসটি উপলক্ষে সরকার আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
এ ছাড়াও দেশব্যাপী মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহিদদের শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
দিনটির তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো আজ দেশজুড়ে পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’। এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদকে।
অধ্যাপক ইউনূস বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে ও সন্ত্রাসীদের হামলায় এই দিনে চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় অন্তত ছয় জন শহিদ হন।
তিনি বলেন, ক্ষণজন্মা অকুতোভয় এই বীরদের আত্মদান আন্দোলনে তীব্র গতির সঞ্চার করে। প্রতিবাদে দেশজুড়ে রাজপথে নেমে আসে লাখো শিক্ষার্থী-শ্রমিক-জনতা। আন্দোলনের তীব্রতার সঙ্গে বাড়তে থাকে শহিদদের সংখ্যা।
প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য ও কোটাবিরোধী আন্দোলন অচিরেই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সর্বস্তরের মানুষের দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার। হাজারো শহিদের রক্তের বিনিময়ে হয় মুক্তির নতুন সূর্যোদয়।
শহিদদের স্মরণ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি কল্যাণমূলক উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ‘জাতীয় সংস্কারক’ স্বীকৃতি পেতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস: সরকার
অধ্যাপক ইউনূস জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মৃতিকে ধরে রাখতে এবং শহিদ পরিবার ও আহতদের কল্যাণে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ এবং ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। জুলাই শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও গেজেটে প্রকাশের কার্যক্রম চলমান আছে।
তিনি আরও জানান, প্রতিটি শহিদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। আহত জুলাই যোদ্ধাদের কল্যাণেও একই রকম নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী সব শহিদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।
৩৬৬ দিন আগে