ভোটার স্থানান্তর
অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির, সিইসির কাছে আসনভিত্তিক তথ্য দাবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিছু নির্বাচনি এলাকায় অস্বাভাবিক সংখ্যক ভোটার স্থানান্তরিতের অভিযোগ তুলেছে বিএনপি। দলটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে এলাকাভিত্তিক ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য দাবি করেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘গত এক-দেড় বছরের মধ্যে বিশেষ কিছু এলাকায় বিপুল সংখ্যক নতুন ভোটার হয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক। ইসি জানিয়েছে কোনও আসনেই ২ থেকে ৩ হাজারের বেশি মাইগ্রেশন হয়নি। কিন্তু আমরা এই তথ্যে সন্তুষ্ট হতে পারিনি। আমাদের কাছে অভিযোগ আছে, অনেক জায়গায় একটি হোল্ডিং নাম্বারে যেখানে ৫ জন থাকার কথা, সেখানে ২০-৩০ জন ভোটার করা হয়েছে।” তিনি এই মাইগ্রেশনের সঠিক ও আসনভিত্তিক তথ্য প্রকাশের দাবি জানান।
নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘কোনও কোনও এলাকায় ধর্মীয় বিশ্বাস ও আবেগকে আহত করা হচ্ছে। প্রচার করা হচ্ছে যে কবরে ফেরেশতারা তিনটি প্রশ্নের বদলে চারটি প্রশ্ন করবেন; চতুর্থ প্রশ্ন হবে—অমুক প্রতীকে ভোট দিয়েছো কিনা? এটি হাস্যকর এবং চরম দুর্ভাগ্যজনক। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।’
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
১৪ দিন আগে
ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান
ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বরাবর ‘ভোটার স্থানান্তরের’ আবেদন করেন রাশেদ খান।
সূত্র জানিয়েছে, রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। আসন্ন নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব বিবেচনায় রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। কালীগঞ্জ পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও নিয়েছেন তিনি।
এ বিষয়ে আজ দুপুরে রাশেদ খান বলেন, আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি। ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি। নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হব। আমি কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।
৫০ দিন আগে