জামায়ত-বিএনবি সংঘর্ষ
ভোলায় নির্বাচনি প্রচারণায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিএনপি সমর্থক হিসেবে রয়েছেন মো. গণি মাঝি, রাসেল হাওলাদার ও গণি মাঝির মা। অপরদিকে জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।
জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে জামায়াতের প্রায় ৫ জন আহত হন।
অন্যদিকে, একই ইউনিয়নের বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতা-কর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির তিন থেকে চারজন নেতা-কর্মী আহত হন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতা-কর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে পরবর্তীতে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে বিএনপির ৩ জন আহত হন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে