বিদেশি সাংবাদিক
ভোট পর্যবেক্ষণে এসেছেন ৩৯৪ জন বিদেশি পর্যবেক্ষক, ১৯৭ সাংবাদিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য ৩৯৪ জন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক এবং ১৯৭ জন সাংবাদিক বাংলাদেশে পৌঁছেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্ব করছেন, ২৩৯ জন দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং ৫১ জন বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত স্বতন্ত্র ব্যক্তি।
এ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর আগে দ্বাদশ, একাদশ এবং দশম জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ এবং মাত্র ৪ জন।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সচিবালয় থেকে ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে ১ জন পর্যবেক্ষক পাঠানো হয়েছে।
অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে— অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে ২ জন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস (আইসিএপিপি) থেকে ২ জন এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস থেকে ১ জন।
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি আরও ২১টি দেশ থেকে পর্যবেক্ষকরা আসছেন। এর মধ্যে রয়েছে— পাকিস্তান (৮), ভুটান (২), শ্রীলঙ্কা (১১), নেপাল (১), ইন্দোনেশিয়া (৩), ফিলিপাইন (২), মালয়েশিয়া (৬), জর্ডান (২), তুরস্ক (১৩), ইরান (৩), জর্জিয়া (২), রাশিয়া (২), চীন (৩), জাপান (৪), দক্ষিণ কোরিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২) এবং নাইজেরিয়া (৪)।
এছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো সংস্থার ৫১ জন পর্যবেক্ষক ব্যক্তিগতভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
বিদেশি পর্যবেক্ষকদের সমন্বয়ে সহায়তাকারী জ্যেষ্ঠ সচিব ও এসডিজিবিষয়ক সমন্বয়কারী লামিয়া মোরশেদ বলেন, ‘বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সাড়ায় আমরা অভিভূত। এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষকদের সংখ্যার বাইরেও তাদের যোগ্যতা বিশেষভাবে উৎসাহব্যঞ্জক। অনেক পর্যবেক্ষক বিশ্বজুড়ে নির্বাচন দেখার ব্যাপক অভিজ্ঞতা এবং উচ্চ যোগ্যতা রাখেন। এটি আমাদের জন্য অত্যন্ত আশ্বস্তকর।’
উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো; যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক সরকারি ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি; ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা; বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল; মালয়েশিয়ার নির্বাচন কমিশনের কর্মকর্তা রামলান বির হারুন এবং ইরানের সংসদ সদস্য বেহনাম সাইদি।
এবারের নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজারেরও বেশি প্রার্থী সংসদীয় আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ নির্বাচনের সঙ্গে একই সময়ে জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে
বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে তথ্য অধিদপ্তর (পিআইডি) একটি মিডিয়া গাইড প্রকাশ করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পিআইডি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, সহজে বহনযোগ্য এ বইটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে যুক্ত সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সকল রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন এজেন্সির ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য রয়েছে। একইসঙ্গে ঢাকার সংবাদপত্র, সংবাদসংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর, পিআইডির মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশ থেকে আগত গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজন বিবেচনায় মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ও জরুরি প্রয়োজনে দরকারি ফোন নম্বরগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে।
গাইডটিতে গণভোট ও নির্বাচনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচনি আচরণবিধি এবং নির্বাচন কাভারেজে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি যুক্ত রয়েছে। ১১২ পৃষ্ঠার এই প্রকাশনাটি বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।
২ দিন আগে