তারিক চয়ন
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার তারিক চয়নের পদত্যাগ
ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেছেন।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তারিক চয়ন লেখেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম।’
তিনি বলেন, ‘দেড় বছর শহরটিতে সুন্দর সময় কাটিয়েছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।’
পোস্টে কলকাতায় তার পেশাগত জীবন, অফিস, সহকর্মী ও বন্ধুদের নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছার কথাও জানান তিনি।
তিনি লেখেন, ‘পেশাগত জীবন, অফিস, সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৬ নভেম্বর তারিক চয়নকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয় অন্তর্বতী সরকার।
এরপর তার দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। গত বছরের ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে বলা হয়েছিল, পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত এ নতুন নিয়োগ কার্যকর হবে।
কূটনৈতিক মিশনে যোগদানের আগে তারিক সাংবাদিকতা করতেন। তিনি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কূটনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়ে কলাম লিখেও খ্যাতি অর্জন করেন।
কর্মক্ষেত্রে এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি মালয়েশিয়ায় ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, পশ্চিমবঙ্গে ‘মৈত্রী সম্মাননা’ ও ‘সেরা বাঙালি সম্মাননা’ লাভ করেছেন।
৪ দিন আগে
এক যুগ পর তারিক চয়নের বই ‘অবিসংবাদিত তারেক রহমান’ প্রকাশিত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গুণীজনদের লেখা প্রবন্ধ নিয়ে ১৩ বছর আগে একটি বই সম্পাদনা করেছিলেন তখনকার সাংবাদিক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। নানা প্রতিকূলতায় দীর্ঘদিন বইটি অপ্রকাশিত থাকলেও অবশেষে সেটি আলোর মুখ দেখেছে। ‘অবিসংবাদিত তারেক রহমান’ নামের বইটির মুখবন্ধ লিখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে তারিক চয়ন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ফেরিফাইড আইডিতে তিনি লিখেছেন, ‘মোড়ক উন্মোচনের ইচ্ছে ছিল প্রিয় সুধীজনদের সম্মিলনে, অমর একুশে গ্রন্থমেলায়। কিন্তু, ঘটনাপ্রবাহ সব সময় পরিকল্পনামতো যায় না।
‘এক যুগেরও আগে (২০১৩ সাল) তারেক রহমানের ওপর বেশ কয়জন লেখক-চিন্তক-রাজনীতিবিদদের লেখা প্রবন্ধ সংগ্রহ করেছিলাম। সেই সময়ের বৈরী রাজনৈতিক পরিবেশের মাঝেই প্রকাশের তীব্র আকাঙ্ক্ষা ছিল। উদ্দেশ্য ছিল অবদমন, নিগ্রহ, নিষ্পেষণ ও মিথ্যাচারের সংস্কৃতি ছাপিয়ে তারেক রহমান যে সার্বিক উন্নয়নমুখী রাজনীতি অব্যাহত রেখেছেন, তা জনপরিসরে তুলে ধরা। বছরের পর বছর ধরে চলা দুঃশাসনের মাঝে তার অহিংস ইতিবাচক রাজনৈতিক পরিকল্পনা ও চর্চার বিশ্লেষণ বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করা।
‘বহু বাধার সম্মুখীন প্রবন্ধ সংকলনটি এক যুগেরও বেশি সময় ধরে অপ্রকাশিত ছিল। ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারও এই বেলা নির্বাচনের আয়োজন করছেন। তারেক রহমানও ১৭ বছর পর দেশে ফিরলেন। লাখো-কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হলেন।’
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বইটি পাঠকের হাতে তুলে দেওয়ার ইচ্ছা থাকলেও কেন সেটি তাৎক্ষণিকভাবে পারেননি তার কারণ ব্যাখ্যা করে তারিক চয়ন লিখেছেন, ‘তিনি এসেই মাকে হারালেন। শোকের সাগরে নিমজ্জিত জাতি। এমন সময়ে বিগত প্রায় ছয় মাস ধরে কাজ করে এগিয়ে নেওয়া বইটি আত্মপ্রকাশ করার মন-মানস রইল না।
‘দুইদিন বাদে নির্বাচন। ব্যস্ত সময়ের মাঝেই প্রকাশনাযজ্ঞ শেষ করে বইটি হাতে এসেছে এমন এক সময়ে যখন সমগ্র জাতি উন্মুখ হয়ে আছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসতে। কিন্তু, তারেক রহমান আবেগের স্রোতে ভেসে যাননি। তিনি জানাচ্ছেন দেশ নিয়ে তার পরিকল্পনার কথা। বইটির লেখা ১৩ বছর আগের হলেও তার পরিকল্পনা এবং সদিচ্ছাগুলো যে এতদিন ধরে লালিত, সেটির প্রামাণ্য দলিল এই বইটির বিভিন্ন প্রবন্ধ।
‘এই প্রাসঙ্গিক সময়ে তাই জনপরিসরে উন্মুক্ত করার চিন্তায় হাজির হলাম অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের কাছে। শত ব্যস্ততার মাঝেও রিজভী ভাই বইটির মুখবন্ধ লিখে দিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন।’
খুব শিগগিরই একটি প্রকাশনা অনুষ্ঠান ও সেমিনারে বইটির লেখক-চিন্তক-রাজনীতিকদের সঙ্গে সংযোগ ও মতবিনিময়ের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেছেন কলকাতায় বাংলাদেশের প্রেস সচিব।
উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে লেখা বই ‘লুণ্ঠিত ভবিষ্যৎ’-এর সাড়া জাগানো অনুসন্ধানী নিবন্ধ ‘অর্থ পাচার’-এর লেখকও তারিক চয়ন। সেখানে তিনি ওই আমলে দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচারের চিত্র তথ্য-উপাত্ত ও যুক্তিসহ তুলে ধরেছিলেন।
১৬৭ দিন আগে