সরণা বেগম
১২০ বছর বয়সে ভোটকেন্দ্রে মণিরামপুরের সরণা বেগম
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছে অনেকটা। কিন্তু গণতান্ত্রিক অধিকার আর নাগরিক দায়িত্ববোধের কাছে হার মেনেছে বার্ধক্য।
যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের বাসিন্দা সরণা বেগম ১২০ বছর বয়সেও ভোট দিতে কেন্দ্রে হাজির হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্বজনদের সহযোগিতায় এবং লাঠিতে ভর দিয়ে তিনি স্থানীয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। শতবর্ষী এই বৃদ্ধাকে ভোটকেন্দ্রে দেখে উপস্থিত অন্য ভোটার ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিস্মিত ও অনুপ্রাণিত হন।
সরণা বেগমের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে দুর্বল, কিন্তু ভোট দেওয়ার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সংকল্পবদ্ধ। তার মতে, ‘ভোট দেওয়া কেবল অধিকার নয়, এটি একটি পবিত্র আমানত।’
সরণা বেগমের এই অংশগ্রহণ প্রমাণ করেছে, দেশ ও গণতন্ত্রের প্রতি ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না। তার এই উদ্দীপনা নতুন প্রজন্মের ভোটারদের জন্য এক বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে অভিমত স্থানীয় সচেতন মহলের।
৪ দিন আগে