তাহসিনা রুশদীর লুনা
প্রথম নির্বাচিত নারী এমপি পেল সিলেট
সিলেট জেলা প্রথমবারের মতো নির্বাচিত নারী এমপি পেয়েছে। নির্বাচিত এ সংসদ সদস্য হলেন তাহসিনা রুশদীর লুনা। তিনি বিজয়ী হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে।
জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ফলাফল ঘেটে পাওয়া গেছে এ তথ্য।
এর আগে, লুনার স্বামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলী সিলেট-২ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে স্বামীর পর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা। তিনি সিলেট-২ আসনের প্রথম মহিলা সংসদ সদস্য। এছাড়া তিনি সিলেটের ৬টি আসনের মধ্যে এই প্রথম নির্বাচিত নারী এমপি হয়েছেন।
সিলেট-২ আসনের ১২৮টি (বিশ্বনাথ উপজেলার ৭৪টি ও ওসমানীনগর উপজেলার ৫৪টি) ভোট কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৭৯ হাজার ২৫১ ভোট।
এছাড়া সিলেট-২ আসনের অপর ৩ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট ও গণফোরাম মনোনীত উদিয়মান সূর্য প্রতীকের প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ৬৩২ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি উপজেলার ৭৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। অপরদিকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা মুনমুন নাহার আশা উপজেলার ৫৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে