সৈয়দ রেজাউল করিম
সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘বিএনপি চেয়ারম্যান আজ সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের বাসভবনে যাবেন।’
এর আগে, গতকাল (রবিবার) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
এবারের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে ২৫৭ প্রার্থী দিয়েছিল। এর মধ্যে বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পান ৯৩ হাজার ৫২৮ ভোট।
বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবী। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট, যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা।
৩ ঘণ্টা আগে