খাদ্য প্রতিমন্ত্রী
সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী
সুগন্ধি চালের উৎপাদন কমে যাওয়ায় বাজারে এ চালের সংকট দেখা দিয়েছে। কেজিপ্রতি দাম ২০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এ চাল। এ পরিস্থিতি মোকাবিলায় উৎপাদনকারী এলাকাগুলোতে বিশেষ প্রণোদনা দিয়ে সুগন্ধি চালের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সুগন্ধি চাল উৎপাদনকারী এলাকাগুলো পরিদর্শন করবেন। যেসব এলাকায় এখনো এ চাল উৎপাদনের সুযোগ রয়েছে এবং কৃষকদের আগ্রহ আছে, সেসব এলাকায় প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সুগন্ধি চালের দাম ২০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, সুগন্ধি চাল উৎপাদনের এলাকাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে।
তিনি জানান, সাধারণ চালের তুলনায় সুগন্ধি চালের উৎপাদনক্ষমতা প্রায় এক-তৃতীয়াংশ। এ কারণে উৎপাদনকারী এলাকাগুলোতে এ চালের উৎপাদন ক্রমেই কমছে। ফলে কিছু কিছু ক্ষেত্রে সুগন্ধি চালের ঘাটতি দেখা যাচ্ছে।
সুগন্ধি চাল ব্যাপকভাবে রপ্তানি করা হচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অল্প কিছু চাল রপ্তানি করা হয়েছিল। তবে এখন রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় এবং কোন ফসল ওই এলাকার আবহাওয়া ও জলবায়ুর জন্য উপযোগী, তা নিয়ে ভূমি মন্ত্রণালয় সারা দেশে একটি জরিপ করছে। কৃষি মন্ত্রণালয়ও বিষয়টি দেখছে।
সরকারের চাল আমদানির বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সেদ্ধ চাল বেসরকারি খাতে আমদানির কোনো অনুমতি দেওয়া হয়নি। সরকারও খুব অল্প পরিমাণ চাল আমদানি করছে। মূলত দেশের ভেতর থেকেই চাল সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০ দিন আগে
রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য দেবে সরকার
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য—দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লাখের অধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিজে কষ্ট ভোগ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এ ছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৮২ দিন আগে