জোয়াহেরুল ইসলাম
ভারত থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হয়েছে।
রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। সেখান থেকে তার স্বজনরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের বাড়ির পথে রওনা হন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদম বিমানবন্দরের কাছে ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোয়াহেরুল ইসলাম। মারা যাওয়ার এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্ট রাখা হয় তাকে।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক ক্ষমতার বদল হওয়ার পর থেকে জোয়াহেরুলকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে দেশে নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। হত্যা, গুমসহ সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়, যাদের অনেকে ভারতে পালিয়ে আছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান তিনি। তিনি কলকাতার নিউটাউনে বসবাস করছিলেন। তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে রয়েছেন। সম্প্রতি তার এক মেয়েও নিউটাউনের বাসায় যান।
গেল শুক্রবার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং হৃদপিণ্ডের ক্রিয়া নিষ্ক্রিয় হয়ে জোয়াহেরুলের মৃত্যু হয় বলে ফিনিক্স মেডিকেলের চিকিৎসকরা জানান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জোয়াহেরুল ইসলামের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ দিন আগে