নারী কঙ্কাল
সিলেটে ঝোপ থেকে নারীর কঙ্কাল উদ্ধার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপ থেকে এক নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাইপাস সড়কের পাশের একটি বাড়ির সীমানার বাইরে জমির ঝোপে একটি মাথার খুলি ও কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল এবং বেশ পুরোনো।
বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশসহ ঘটনাস্থলে যাই। কঙ্কালটি দেখে প্রাথমিকভাবে পুরোনো বলে মনে হয়েছে। চুলের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর।’
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই কঙ্কালটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১ দিন আগে