অটোরিকশার মালিক
রাজধানীতে পূর্বশত্রুতার জেরে অটোরিকশার মালিককে কুপিয়ে ‘হত্যা’
রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ ভাঙ্গারিগলি এলাকায় পূর্বশত্রুতার জেরে কুপিয়ে সিকান্দার মিয়া (৩২) নামের এক অটোরিকশা মালিককে হত্যা করার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সিকান্দারের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রব। তিনি শাজাহানপুর শান্তিবাগ এলাকায় থাকতেন।
সিকান্দারের বড় ভাই আমির আলী জানান, রাতে বাসায় ফেরার পথে সিকান্দার শান্তিবাগের ভাঙ্গারিগলি এলাকায় পৌঁছালে মো. হান্নান, মামুনসহ ৩-৪ জন তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, আমি জানতে পেরেছি, মো. হান্নান মামুনের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে কী নিয়ে তাদের সঙ্গে শত্রুতা ছিল এ বিষয়টি আমি জানি না।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
৭ দিন আগে