গ্লোবাল ফ্রড সামিট
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) ও ইন্টারপোলের যৌথ আয়োজনে আগামী ১৬ ও ১৭ মার্চ এ সামিট অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হবে।
রবিবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমবেটিং ফ্রড’ শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
এছাড়া সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
সালাউদ্দিন আহমদ সামিটে অংশ নিতে আজ বিকেল পৌনে ৫টার দিকে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি ৬৭৯ ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
১ দিন আগে