তথ্যমন্ত্রী
ভিন্ন প্রেক্ষাপটে এবার আমরা ঈদ উদযাপন করছি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এবার এমন এক পরিপ্রেক্ষিতে আমরা ঈদুল আজহা উদযাপন করছি যখন বিশ্বের নানা জায়গাতে সংকট চলছে। দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশবাসীর কাছে আমরা ঈদের দিন দোয়া কামনা করি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, এ উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কীভাবে প্রস্তুত থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়।
পরে তিনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঈদগাহ মাঠে বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
২ দিন আগে
গণমাধ্যম কমিশন গঠনে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা
গণমাধ্যম কমিশন গঠনের কাজে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনসের (অফকম) অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকায় মন্ত্রণালয়ে তার কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে। এক্ষেত্রে মন্ত্রী যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনসের (অফকম) অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার এক্ষেত্রে তথ্যমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি অফকমের কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়াও, আজ (বৃহস্পতিবার) পৃথক সময়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলির সঙ্গেও সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, সরকার একইসঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এজন্য তিনি সুইজারল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করেন।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও একইসঙ্গে এটি একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
৯ দিন আগে
জনগণের আস্থা ধরে রাখতে না পারলে কী হয়, তার শিক্ষা শেখ হাসিনার কাছ থেকে নিতে পারেন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হয়েছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করেছি। জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কি পরিণাম পরিণতি হয়, সেটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি। যদি কারো কোনো জ্ঞানের অভাব থাকে, তাহলে আমি টিকেট কেটে দেব, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন—ভুল করলে পরে তার খেসারত কতটুকু দিতে হয়।’
সোমবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনর্খনন কাজ উদ্বোধনের আগে এক সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘খাল খনন প্রকল্প ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের টাকা পয়সা আয় করার জন্য হতে পারে না। খালে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না। খালের পানি কৃষি জমিতে ব্যবহার নিশ্চিত করতে হবে ঠিকাদার ও প্রকৌশলীকে। স্থানীয়রা তদারকি করবেন খালে পানি প্রবাহ ঠিক আছে কি না। সরকারি কাজ আপনাদের উপকারে আসল কি না সেটা জানাবেন, আর উপকারে না আসলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে দেব না।’
এ সময় প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কৃষক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
৭৫ দিন আগে