ট্রাক-ইজিবাইক সংঘর্ষ
নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লালপুর উপজেলার বড়বাদকয়া এলাকার মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর ছেলে বাবুল (৪০)।
এছাড়া ভেল্লাবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০) দুর্ঘটনায় আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকাল পৌনে ৭টার দিকে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দিয়ে একটি বাড়ির পাকা দেওয়াল ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং রামেক হাসপাতালে পৌঁছানোর পর বাবুলের মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাউসার জানান, আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠালে পথিমধ্যে মনির ও হাসপাতালে পৌঁছানোর পর বাবুলের মৃত্যু হয়েছে। রাজিবুল ইসলাম বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে একটি ইজিবাইক ভাড়া করে পাবনার ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ লালপুর এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
২ ঘণ্টা আগে