পরিবার অবরুদ্ধ
কুমিল্লায় জমির দ্বন্দ্বে বাড়ি ঘিরে বেড়া, আটকা পড়েছে দুটি পরিবার
কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে করে দুটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়াকৃষ্ণপুর গ্রামে। কয়েক মাস ধরে এই প্রতিবন্ধকতা নিয়েই দিনাতিপাত করছে পরিবার দুটি। নিজেদের টিউবওয়েল থাকা সত্ত্বেও নিতে পারছে না খাবার পানি, আরেক পরিবারের শৌচাগারে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফরাজি বাড়ির রফিজ উদ্দিন ফরাজি এলাকার প্রভাবশালী ব্যক্তি। তার সঙ্গে একই বাড়ির বাচ্চু মিয়া ফরাজি ও জসিম উদ্দিন ফরাজির দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই রফিজ উদ্দিন জোরপূর্বক জসিম উদ্দিনের উঠানে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একইভাবে বাচ্চু মিয়া ফরাজির বেশ কিছু অংশ দখলে নিয়ে বেড়া দিয়ে তাদেরও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
ভূক্তভোগী বাচ্চু মিয়ার ছেলে মিজানুর রহমান ফরাজি জানান, আমাদের দলিলকৃত বাড়ির অংশ জোরপূর্বক দখল করে নিয়েছেন রফিজ উদ্দিন। তিনি আমাদের জয়গায় বেড়া দিয়ে দখল করে রাখায় এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিজেদের শৌচাগার ব্যবহার করতে পারছি না।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসীর কাছে একাধিকবার গিয়েছি, কিন্তু আমার কেনা জায়গা আমাকে বুঝিয়ে দিতে পারেননি তারা। অপরদিকে, রফিজ উদ্দিন তার জায়গার কাগজপত্র কোনো সালিশ দরবারেও দেখান না।
তার অভিযোগ, রফিজ উদ্দিন ফরাজি সব সময় রাজনৈতিক স্রোতে গা ভাসিয়ে চলেন। যখন যে দল ক্ষমতায় আসে, সেই দলের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন।
২০ দিন আগে