পাইলট উদ্ধার
ইরানের ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান থেকে নিখোঁজ এক সেনাসদস্যকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার হুঁশিয়ারি দিয়ে তেহরানের ওপর চাপ আরও বাড়িয়েছেন ট্রাম্প।
স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) সামাজিকযোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, উদ্ধারকৃত বৈমানিক আহত হলেও তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্ধার অভিযানে বেশ কিছু বিমান অংশ নিয়েছিল। উদ্ধারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ওই বৈমানিকের অবস্থানের ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে।
ট্রাম্প তার পোস্টে লেখেন, এই সাহসী যোদ্ধা ইরানের দুর্গম পাহাড়ে শত্রুবেষ্টনীতে আটকা পড়েছিলেন। আমাদের শত্রুরা তাকে হন্যে হয়ে খুঁজছিল। এমনকি তারা তার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
গত শুক্রবার এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর মার্কিন বাহিনী এই রুদ্ধশ্বাস তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অন্যদিকে, ইরানও ঘোষণা দিয়েছিল যে, কোনো শত্রু পাইলটকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। এর আগে, ওই বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছিল।
উল্লেখ্য, ষষ্ঠ সপ্তাহে গড়িয়ে যাওয়া এই যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল ইরানি ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া প্রথম মার্কিন যুদ্ধবিমান।
গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে দিয়েছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করবে। কিন্তু এর দুই দিন পরেই তেহরান দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করে। এটি প্রমাণ দেয় যে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরানের সামরিক বাহিনী এখনও পাল্টা আঘাত হানার সক্ষমতা রাখে।
বিধ্বস্ত হওয়া অন্য বিমানটি ছিল মার্কিন এ-১০ অ্যাটাক এয়ারক্রাফট। তবে ওই বিমানের ক্রুদের অবস্থা বা সেটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
৮ ঘণ্টা আগে