ব্রডগেজ কোচ
ভারত থেকে আসছে ২০০টি ব্রডগেজ কোচ: রেলমন্ত্রী
রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবার মান উন্নত করতে ভারত থেকে চলতি বছরে ২০০টি ব্রডগেজ কোচ আসার কথা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বিরোধী দল (জামায়াত) সমর্থিত সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার (ফরিদপুর-১) এক টেবিল উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এ বছর ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ আসার কথা রয়েছে। এই প্রকল্পের আওতায় চলতি বছরের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০টি কোচই বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
কোচগুলো হাতে পাওয়ার পর বাংলাদেশ রেলওয়ে নতুন ট্রেন পরিচালনার রুট নির্ধারণের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
সরকারি দলের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের (বগুড়া-৪) অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার মিটারগেজ, ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার ব্রডগেজ এবং ৭৭০ দশমিক ৬ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথ।
তিনি আরও বলেন, সম্ভাব্যতা ও চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন ব্রডগেজ ও ডুয়েলগেজ লাইন স্থাপনের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের (গাইবান্ধা-৪) এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। ভারত থেকে নতুন কোচ আসতে শুরু করলে এসব রুটের কয়েকটিতে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে এবং পণ্য পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বাড়াতে সরকার অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প অনুমোদনের কাজ করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
৩ ঘণ্টা আগে