দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট
ঘন কুয়াশায় দেড় ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু
চৈত্রের শেষ দিকে এসেও কুয়াশার কবলে ঢাকা পড়ছে নৌপথ। আকস্মিক কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ শনিবার সকালে প্রায় দেড় ঘণ্টার মতো ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে আটকা পড়ে বেশকিছু যানবাহন। বাড়তি ভোগান্তিতে পড়েন ঢাকামুখি যানবাহনের যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, চৈত্র মাসের শেষ দিকে এসেও ভোরের দিকে আকস্মিক কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার ভোর পৌনে ৬টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নদী পাড়ি দিতে না পারায় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে বেশকিছু যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনসহ পণ্যবাহী গাড়িও আটকা পড়ে।
সংস্থাটি আরও জানায়, ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ৪ নম্বর ঘাটে ভাষা সৈনিক গোলাম মাওলা কে-টাইপ (মাঝারি) ফেরি, বাইগার ও রো রো ফেরি শাহ মখদুম এবং ৫ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা নোঙর করে থাকে। একইভাবে দৌলতদিয়া প্রান্তে ৭ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি কেরামত আলী, শাহ পরান ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা নোঙর করে থাকে। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু হয়। এক এক করে ঘাট ছাড়তে শুরু করে ফেরিগুলো।
ঢাকাগামী জামান ও সৌহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, চৈত্র মাস প্রায় শেষ। এখনও নৌপথে কুয়াশা পড়ছে। ভোরের দিকে আকস্মিকভাবে চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দিলে ঘাটে আমাদের কোম্পানির পরিবহনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা নানা ধরনের গাড়ি আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ফেরি বন্ধ থাকায় আমাদের গাড়িগুলো ঘাটে আটকে থাকে এবং যাত্রীরা বাড়তি ভোগান্তিতে পড়েন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, আজ ভোর থেকে নদীপথে আকস্মিকভাবে কুয়াশা পড়তে থাকে। এ সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া ৭টার পর ফেরি চালু করা হয়। এ সময় নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে কিছু গাড়ি আটকা পড়ে। তবে ফেরি সংখ্যা যথেষ্ট থাকায় যানবাহন পারাপারে তেমন বেগ পোহাতে হচ্ছে না।
৩ ঘণ্টা আগে