যুদ্ধবিরতি
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একে ওই অঞ্চলের উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে একটি ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক অগ্রগতি হিসেবে দেখছে ঢাকা।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমর্থন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে যে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে। একইসঙ্গে একটি স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সচেষ্ট হবে।
এই যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে যেসব পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতা করেছে, তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও পুনর্ব্যক্ত করেছে যে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে যেকোনো ধরনের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং বর্তমানে বিশ্ব পরিস্থিতিতে সেটিই কাম্য।
৮ দিন আগে
ইরানকে ‘নিশ্চিহ্ন করার হুমকি’ থেকে যেভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হলেন ট্রাম্প
মাত্র এক দিনের ব্যবধানে নাটকীয়ভাবে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জানালেন, দেশটির নেতৃত্ব একটি ‘কার্যকর’ পরিকল্পনা পেশ করেছে। এর পরিপ্রেক্ষিতে ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ট্রাম্প, যা প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ অবসানের পথ প্রশস্ত করবে বলে তিনি আশা করছেন।
পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতাকারীদের ব্যাপক তৎপরতার ফলে সংঘাত আরও ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও পর্দার আড়ালে থেকে এই যুদ্ধবিরতির পথ খুঁজতে ভূমিকা রেখেছে ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন।
তেহরানের জন্য ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতির কারণ হলো আমরা ইতিমধ্যে আমাদের সব সামরিক লক্ষ্য অর্জন করেছি; এমনকি তা ছাড়িয়ে গেছি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি।’
বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। সেখানে এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আলোচনার মূল কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
হুমকের সময়সীমা শেষ হয়ে আসার আগে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ট্রাম্পের ‘একটি পুরো সভ্যতাকে নিশ্চিহ্ন করার’ হুমকিকে ‘নৈতিক পরাজয়’ বলে সমালোচনা করেন। অন্যদিকে, পোপ চতুর্দশ লিও সতর্ক করে বলেছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রেসিডেন্টের এমন মন্তব্য ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পিছু হটার পেছনে একটি সহজ সত্য কাজ করে থাকতে পারে। সংঘাত বাড়লে যুক্তরাষ্ট্র এমন এক ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়তে পারত যা আগের প্রেসিডেন্টদের জন্য মাথাব্যথার কারণ হয়েছিল। অথচ নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এমন সব যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখবেন।
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ছিল দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া
গত ছয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী থাকলেও ট্রাম্প মনে করেছিলেন, বোমা হামলার মাধ্যমে ইরানকে নত করা সম্ভব। যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরও ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে পারে—এই সম্ভাবনাকে তিনি অবমূল্যায়ন করেছিলেন বলে ধারণা বিশ্লেষকদের।
তবে গত ৪৭ বছরে ইসলামিক রিপাবলিক ইরান বারবার দেখিয়েছে যে তারা প্রতিকূল পরিস্থিতিতেও অনড় থাকতে পারে। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৪৪৪ দিন মার্কিন নাগরিকদের জিম্মি করে রাখা কিংবা বছরের পর বছর ধ্বংসাত্মক ইরান-ইরাক যুদ্ধ চালিয়ে যাওয়া এর প্রমাণ। এমনকি গাজা ও লেবাননে মিত্রশক্তির ক্ষয়ক্ষতি এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের পরও তেহরান তাদের অবস্থানে অনড় ছিল।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মার্কিন সামরিক বাহিনী দ্রুত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারলেও দীর্ঘমেয়াদে এর নিরাপত্তা নিশ্চিত করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।
অলাভজনক সংস্থা ‘ব্যাটল রিসার্চ গ্রুপ’-এর নির্বাহী পরিচালক বেন কনেবল বলেন, ইরান যাতে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, সেজন্য প্রায় ৬০০ কিলোমিটার ইরানি ভূখণ্ড দখলে রাখতে হতো। এর জন্য কমপক্ষে ৩০ থেকে ৪৫ হাজার মার্কিন সৈন্যের প্রয়োজন পড়ত যা মোটামুটি ২০ বছর মেয়াদি একটি অভিযানে পরিণত হতে পারত।
মার্কিন নৌবাহিনীর এই অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘এটি একটি অনির্দিষ্টকালের অভিযানে পরিণত হতে পারতো। সহজ কথায় বলতে গেলে, ২০ বছরের জন্য প্রস্তুত থাকা। আমরা কখনোই ভাবিনি যে আমাদের আফগানিস্তানে ২০ বছর থাকতে হবে। এমনকি ভিয়েতনাম বা ইরাকে আমাদের যতটা সময় থাকতে হয়েছে, সেটাও ছিল ধারণার বাইরে।’
আঞ্চলিক এক কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করতে পারবে। ইরান এই অর্থ দেশ পুনর্গঠনের কাজে ব্যয় করবে। তবে আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত এই পথে এর আগে কখনও মাশুল দিতে হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ট্রাম্প কার্যত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে তুলে দিচ্ছেন যা ইরানের জন্য একটি ‘ঐতিহাসিক বিজয়’।
চরম অবস্থান থেকে ট্রাম্পের পিছু হটার পুরনো প্রবণতা
ট্রাম্পের দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়াতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুরোধ জানানোর পর যুদ্ধবিরতির ঘোষণা আসে। একইসঙ্গে তিনি ইরানকেও দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান।
বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ‘দুই সপ্তাহ’ সময় নেওয়া ট্রাম্পের একটি সুপরিচিত কৌশলে পরিণত হয়েছে। গত গ্রীষ্মে হোয়াইট হাউস জানিয়েছিল যে ইরানের ওপর প্রাথমিক বোমা হামলা চালানোর বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই তিনি বিমান হামলার নির্দেশ দেন এবং দাবি করেন, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ হয়েছে।
এর আগে, ইউক্রেন যুদ্ধ বা নিজ দেশের ভেতরে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সংকটের সময়ও তিনি একই ধরনের সময়সীমা ব্যবহার করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তা থেকে প্রাপ্তি ছিল সামান্যই।
হোয়াইট হাউসে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম ১৫ মাসে ট্রাম্প বারবার বিভিন্ন বিষয়ে একরোখা দাবি তুলেছেন এবং পরবর্তীতে আবার তা থেকে পিছুও হটেছেন।
২০২৫ সালের এপ্রিলে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপের সিদ্ধান্ত শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করলে তা থেকে সরে আসেন ট্রাম্প। এর সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় গত জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে। সেখানে ট্রাম্প গ্রিনল্যান্ডের ‘মালিকানা ও স্বত্বসহ’ পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি তোলেন। কিন্তু পরবর্তীতে ইউরোপের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করে তিনি সেই অবস্থান থেকেও সরে আসেন।
সে সময় পিছু হটার ব্যাখ্যায় ট্রাম্প দাবি করেছিলেন, আর্কটিক নিরাপত্তা নিয়ে তিনি ন্যাটোর প্রধানের সঙ্গে একটি ‘ভবিষ্যৎ চুক্তির রূপরেখা’য় সম্মত হয়েছেন। যদিও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও যুক্তরাষ্ট্রের আগে থেকেই সেখানে ব্যাপক সামরিক সুবিধা ছিল।
এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এই যুদ্ধবিরতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও ট্রাম্পের কৌশলগত পদক্ষেপই এই পরিস্থিতি তৈরি করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সামরিক সাফল্য সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় অংশ নিতে সক্ষম করেছে এবং কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদি শান্তির পথ উন্মুক্ত করেছে।’ তিনি আরও বলেন, ‘আমেরিকার স্বার্থ এগিয়ে নেওয়া ও শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের সক্ষমতাকে কখনোই খাটো করে দেখা উচিত নয়।’
৮ দিন আগে
ইরান-যুক্তরাষ্ট্রকে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব, এখনও মেলেনি সাড়া
ইরান ও যুক্তরাষ্ট্রকে ৪৫ দিনের যুদ্ধবিরতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে।
স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) মধ্যরাতে এই প্রস্তাবটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন দূত স্টিভ উইটকফের কাছে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
তারা জানান, মিসর, পাকিস্তান এবং তুরস্কের পক্ষ থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছে। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে দেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, সাময়িকভাবে লড়াই বন্ধ করা, যাতে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু করা যায়। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত এর জবাব দেয়নি।
এদিকে, অঞ্চলজুড়ে এখনও সহিংসতা অব্যাহত রয়েছে। তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, রিভল্যুশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এক হামলায় নিহত হয়েছেন। রবিবার থেকে ইরানজুড়ে বিমান হামলায় ২৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের হাইফা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ আরও বাড়িয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাত শুরু হয়। এ যুদ্ধ ইতোমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হচ্ছে এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। বেসামরিক এলাকায় হামলার কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়েও গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুদ্ধবিরতির এই প্রস্তাব গৃহীত হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কারণ, উভয় পক্ষই তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং নিজেদের অনড় অবস্থানে অটল রয়েছে।
১০ দিন আগে
চীনের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি আলোচনা শুরু
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে চীনে পুনরায় আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) পাকিস্তানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বেইজিং এ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। চীনের এ মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, বর্তমান সংঘাত নিরসনই এই আলোচনার মূল লক্ষ্য।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের কর্মকর্তারা জানান, উত্তর চীনের উরুমকিতে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি চীন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ অগ্রগতির বিষয়ে নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি। তবে সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানের লাখ লাখ মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে আনতে পারে—এমন প্রত্যাশা নিয়ে উরুমকিতে এই আলোচনা শুরু হয়েছে।
ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, তাদের ভূখণ্ডে হামলা চালানো জঙ্গিগোষ্ঠী, বিশেষ করে পাকিস্তানি তালেবানকে (টিটিপি) নিরাপদ আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।
গত মাসে কাবুলের একটি মাদক নিরাময়কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪ শতাধিক মানুষের মৃত্যুর খবর আসার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান অবশ্য বেসামরিক নাগরিক নিহতের দাবি অস্বীকার করে বলেছিল, তারা কেবল একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তখন বলেছিলেন, কোনো হাসপাতালে নয়, কেবল সন্ত্রাসী অবকাঠামো এবং তাদের সহায়তাকারী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইসলামাবাদ।
উভয় পক্ষ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখন আবারও সংঘর্ষ শুরু হয়েছে। তবে ফেব্রুয়ারি ও মার্চের তুলনায় বর্তমানে লড়াইয়ের তীব্রতা কিছুটা কম। ফেব্রুয়ারিতে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধের’ ঘোষণা দিয়েছিল।
এ সহিংসতা আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্বিগ্ন করে তুলেছে। কারণ আল-কায়েদা এবং আইএসের মতো গোষ্ঠীগুলো এই অঞ্চলে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
সূত্রমতে, চীন মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পর উভয় পক্ষ তা গ্রহণ করলে নতুন করে এ আলোচনা শুরু হয়। এর আগে, অক্টোবরে কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এবং নভেম্বরে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনাও দীর্ঘস্থায়ী কোনো সমাধান দিতে ব্যর্থ হয়েছে।
১৫ দিন আগে
যুদ্ধবিরতিতে ইরানকে ট্রাম্প প্রশাসনের ১৫ দফা প্রস্তাব
যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে ডোনিাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসন। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে মোতায়েন প্রায় ৫০ হাজার মার্কিন সেনার সঙ্গে আরও অন্তত ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ প্রস্তাবের রূপরেখা সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি জানান, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা আয়োজনের প্রস্তাবও দিয়েছে পাকিস্তান।
ইরানি কর্মকর্তাদের কাছে প্রস্তাবটি পৌঁছানোর খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।
এদিকে, মধ্যপ্রাচ্যে আরও দুটি নৌ ইউনিট মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে পেন্টাগন। এর ফলে প্রায় ৫ হাজার মেরিন ও হাজারো নৌসেনা ওই অঞ্চলে যুক্ত হবে। এসব পদক্ষেপকে ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ নমনীয়তা নিশ্চিতের কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে জানান ওই ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ট্রাম্পকে উৎসাহিত করা ইসরায়েলি কর্মকর্তারা বিস্মিত হয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
এর আগে, মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে আলোচনা চলছে। একই সময়ে ইরান কড়া ভাষায় নিজেদের অবস্থান জানায়।
একদিকে ওয়াশিংটন হামলা অব্যাহত রাখায় তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য ইসরায়েল ও অঞ্চলটির বিভিন্ন স্থাপনা। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। আবার হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য দেওয়া নিজের নির্ধারিত সময়সীমাও পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক নৌপরিবহন ব্যাহত করেছে, জ্বালানির দাম বাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতির জন্য হুমকি তৈরি করেছে।
আলোচনার পথে বড় চ্যালেঞ্জ
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অবস্থান এখনও জটিল।
ইরান সরকারের পক্ষ থেকে কার হাতে আলোচনা করার ক্ষমতা রয়েছে বা কে আলোচনা করতে আগ্রহী হবেন—তাও স্পষ্ট নয়; বিশেষ করে ইসরায়েল যখন দেশটির নেতাদের হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর সন্দেহ রয়েছে। কারণ ট্রাম্প প্রশাসনের অধীনে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র দুইবার হামলা চালিয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারির হামলাটি চলমান যুদ্ধের সূত্রপাত ঘটায়।
মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে অবগত তিনজন ব্যক্তি জানিয়েছেন, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তত ১ হাজার সেনা আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে।
এই ডিভিশনকে মার্কিন সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স ফোর্স’ হিসেবে বিবেচনা করা হয়, যারা খুব অল্প সময়ের নোটিশে মোতায়েন হতে পারে। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর কয়েকটি জাহাজে থাকা হাজারো নৌসেনাও ওই অঞ্চলে যাচ্ছে।
নৌ ইউনিটগুলো সাধারণত মার্কিন দূতাবাস রক্ষা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং দুর্যোগকালীন সহায়তার জন্য প্রশিক্ষিত হলেও, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা শত্রুভাবাপন্ন বা বিরোধপূর্ণ এলাকায় প্যারাস্যুটের মাধ্যমে নেমে গুরুত্বপূর্ণ এলাকা ও বিমানঘাঁটি দখল করতে পারদর্শী।
এ অঞ্চলে নৌসেনা মোতায়েন নিয়ে গুঞ্জন উঠেছে যে, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের তেল নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের চেষ্টা করতে পারে। এর আগে, পারস্য উপসাগরের এই দ্বীপে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালেও তেল স্থাপনা অক্ষত রাখা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র স্থলবাহিনী নামানোর চেষ্টা করলে উপসাগরে মাইন বিছিয়ে দেবে তারা।
নিউইয়র্কভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সুফান সেন্টার এক বিশ্লেষণে লিখেছে, আলোচনা চলাকালীন ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি স্থগিত রেখেছেন। তবে এটি নৌসেনাদের পৌঁছানোর জন্য সময়ক্ষেপণের একটি কৌশল হতে পারে। সংস্থাটি অবশ্য এও উল্লেখ করেছে যে, ট্রাম্প হয়তো সক্রিয়ভাবে যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ খুঁজছেন।
২২ দিন আগে
যুদ্ধবিরতির মাঝেও কেন হামলা চালাচ্ছে ইসরায়েল?
গেল বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজার শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনির মরদেহ পৌঁছানোর পর হাসপাতালটির এক পরিচালক এমন একটি প্রশ্ন করেছিলেন যা গত কয়েকমাস ধরে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।
শিফা হাসপাতালের মুহাম্মদ আবু সেলমিয়া এক ফেসবুকে পোস্টে প্রশ্ন করেছেন— কোথায় যুদ্ধবিরতি? কোথায় মধ্যস্ততাকারীরা?
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুধবার নিহত হন ২৪ জন এবং শনিবার ৩০ জন। একই সময়ে গাজায় চারজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজায় যুদ্ধবিরতি রেখার কাছে রাতভর ‘সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে’ তাদের এক সেনা গুরুতর আহত হন।
এসবের ফলে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠন শুরু করা থেকে যুদ্ধবিরতি চুক্তির অন্যান্য দিকগুলি স্থবির হয়ে পড়েছে। গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং খোলার ফলে আরও অগ্রগতির আশা করা হয়েছিল। তবে সোমবার ৫০ জনেরও কম লোককে ক্রসিংটি দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হয়। ফলে এখন সেটি নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
জিম্মিরা মুক্তি পেলেও থমকে আছে অন্যান্য বিষয়
দীর্ঘদিনের স্থবির আলোচনার পর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গত অক্টোবর মাসে সম্মত হয় ইসরায়েল ও হামাস। তখন ট্রাম্প বলেছিলেন, এটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তি নিশিত করবে।
চুক্তির শুরুতে হামাস ইসরায়েলের হাতে আটক হাজার হাজার ফিলিস্তিনি বন্দি এবং নিহতদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তাদের হাতে থাকা সকল জিম্মিকে মুক্তি দেয়। কিন্তু চুক্তিতে এই অঞ্চলের ভবিষ্যৎ শাসনব্যবস্থার মতো বড় বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়েছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমাও দেয়নি।
এদিকে, জিম্মিদের দেহাবশেষ ফেরত পাঠানোর কাজ চুক্তিতে ৭২ ঘণ্টা সময়সীমার মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও তা শেষ হতে অনেক সময় গড়িয়ে যায়। হামাস ইসরায়েলকে গত সপ্তাহেই তাদের শেষ জিম্মির মৃতদেহ ফেরত দেয়। তবে ইসরায়েল দাবি করছে, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে সমস্ত দেহাবশেষ এখনো ফেরত দেয়নি। অপরদিকে, হামাসের দাবি, তারা যুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণে সমস্ত মরদেহ শনাক্ত করতে পারেনি। তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলায়েল।
যুদ্ধবিরতিতে ধ্বংসাবশেষ অপসারণ ও অবকাঠামো পুনর্বাসনের সরঞ্জামসহ মানবিক সহায়তা দ্রুত প্রবেশের কথাও ছিল। তবে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে, শুল্ক ছাড়পত্র ও অন্যান্য বিষয়ে বিলম্বের কারণে গাজার ২০ লাখ মানুষের কাছে সহায়তা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অন্যদিকে, গাজায় সহায়তা তদারককারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।
অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি বহাল
ট্রাম্পের প্রচেষ্টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই যুদ্ধে ৭১ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
দুই পক্ষই বলছে, চুক্তি এখনও কার্যকর এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করছে। তবে ইসরায়েলের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি রেখার বাইরে তৎপরতা চালাচ্ছে, (ইসরায়েলি) সেনাদের হুমকি দিচ্ছে এবং মাঝে মাঝে গুলিও ছুঁড়ছে। অপরদিকে, হামাস অভিযোগ করছে, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি রেখা থেকে অনেক দূরের আবাসিক এলাকাগুলোতে গুলিবর্ষণ ও হামলা চালাচ্ছে।
ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ও আরবের মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন, ইসরায়েল যেন প্রাণঘাতী হামলা বন্ধ করে। বুধবারের হামলায় নিহতদের মধ্যে ২টি নকজাতকসহ ৫ শিশু ছিল। এসব ঘটনাকে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে হামাস।
রবিবার (১ ফেব্রুয়ারি) ৮টি আরব ও মুসলিম দেশ এক যৌথ বিবৃতিতে চুক্তি কার্যকরের পরও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায় যাতে যুদ্ধবিরতি টিকে থাকে।
এরপর বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হামাসের হামলার জবাব দিচ্ছে মাত্র এবং কেবল তাদের সেনাবাহিনীর সুরক্ষায় পদক্ষেপ নিচ্ছে। হামাসের কর্মকাণ্ড যুদ্ধবিরতিকে ক্ষুণ্ন করলেও ইসরায়েল তা বজায় রাখতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, হামাস আগের মতো প্রতারণামূলক কৌশল ব্যবহার করে পুনরায় অস্ত্র সংগ্রহ ও হামলার প্রস্তুতি নিচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও যেকোনো নিরাপত্তাজনিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে হয়।
অগ্রগতির ইঙ্গিত
ইসরায়েলে শেষ জিম্মির মরদেহ ফেরত পাওয়া, সীমিতভাবে রাফাহ ক্রসিং খোলা এবং গাজা শাসন ও পুনর্গঠন তদারকির জন্য একটি ফিলিস্তিনি কমিটি গঠনের ঘোষণা—এসব কার্যক্রম সহিংসতার মাঝেও যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।
গত মাসে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বলেন, এখন সময় এসেছে যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণ, টেকনোক্র্যাটিক শাসন এবং পুনর্গঠনের দিকে অগ্রসর হওয়ার।
এর জন্য ইসরায়েল ও হামাসকে এমন সব বড় ইস্যুতে সমাধানে আসতে হবে যেগুলোতে তারা তীব্রভাবে বিভক্ত। এর মধ্যে রয়েছে ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে কি না এবং হামাস অস্ত্র ত্যাগ করবে কি না সেসব বিষয়।
তবে রাজনৈতিক নেতারা এখনও যুদ্ধবিরতির কথা বললেও যুদ্ধ থেকে সরে না যাওয়ায় গাজায় হতাশা বাড়ছে।
গত শনিবার সকালে নামাজের সময় গাজা শহরে বিস্ফোরণের শব্দ শুনে আতাল্লাহ আবু হাদাইয়েদ বাইরে ছুটে যান এবং দেখেন তার চাচাতো ভাইরা মাটিতে পড়ে আছে এবং চারপাশে আগুন জ্বলছে।
শরণার্থী শিবির থেকে তিনি বলেন, আমরা জানি না আমরা যুদ্ধে আছি না শান্তিতে।
৬৯ দিন আগে
সীমিত পরিসরে খুলল গাজার রাফাহ ক্রসিং
মিসরের সঙ্গে গাজার সীমান্তবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গাজায় প্রবেশের অন্যতম এই দুয়ার সীমিত পরিসরে খুলে দিয়েছে ইসরায়েল। এটিকে যুদ্ধবিরতি প্রচেষ্টার অন্যতম অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ইসরায়েল ও মিসর উভয় পক্ষ থেকেই রাফাহ ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কর্মকর্তারা। মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমও এ তথ্য নিশ্চিত করেছে।
মিসরীয় কর্মকর্তারা বলেছেন, প্রথম দিনে এই ক্রসিং দিয়ে গাজা থেকে ৫০ জন ফিলিস্তিনি এবং আরও ৫০ জন ফিলিস্তিনি বাইরে থেকে গাজায় প্রবেশ করতে পারবেন। যুদ্ধবিরতি চুক্তি আলোচনায় যুক্ত কর্মকর্তারা এ কথা জানালেও নিজেদের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
মিসরের সঙ্গে গাজার একমাত্র সংযোগপথ ও গাজা থেকে ফিলিস্তিনিদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষার প্রধান এই পথটি খুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে খান ইউনিসের বাসিন্দা ঘালিয়া আবু মোস্তফা বলেন, ‘ক্রসিং খুলে দেওয়া একটি ভালো পদক্ষেপ, কিন্তু তারা যাতায়াতের জন্য মানুষের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে, যা একটি সমস্যা।’
গাজায় ত্রাণ পরিষেবা নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা বলেছে, ক্রসিংটি পরীক্ষামূলকভাবে খোলা হয়েছে। ফিলিস্তিনের বাসিন্দারা সোমবার থেকে ক্রসিংটি ব্যবহার করতে পারবেন। তবে শুরুতে কেবল নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ যাতায়াতের অনুমতি পাবেন।
রাফাহ শহর থেকে বাস্তুচ্যুত হওয়া সুহাইলা আল-আস্তাল বলেন, ‘আমরা চাই বিপুল সংখ্যক মানুষ বাইরে যাওয়ার সুযোগ পাক। ক্রসিংটি স্থায়ীভাবে খুলে দেওয়া হোক যাতে অসুস্থ রোগীরা বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে ফিরে আসতে পারে।’ এ সময় নিজের অসুস্থ মেয়ের বিদেশে চিকিৎসা প্রয়োজন জানিয়ে ক্রসিংটি স্থায়ীভাবে খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
ইসরায়েলের এই ঘোষণাটি এমন এক সময়ে এল যার আগের দিনই তাদের হামলায় বেশ কয়েকটি শিশুসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটিই এক দিনে সর্বোচ্চ প্রাণহানি। ইসরায়লের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে এই হামলা।
৭৩ দিন আগে
ইউক্রেনের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে, তবে চুক্তিতে পৌঁছাতে আরও কাজ বাকি: রুবিও
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে যুদ্ধের অবসানে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আরও অনেক কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
ফ্লোরিডার হ্যাল্যারেন্ড বিচের শেল বে ক্লাবে স্থানীয় সময় রবিবার (৩০ নভেম্বর) ৪ ঘণ্টাব্যাপী চলে ওই আলোচনা।
বৈঠক শেষে রুবিও বলেন, আমরা আজকে যে আলোচনা করেছি, তা শুধু যুদ্ধ বন্ধের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে ইউক্রেনকে কীভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যায় তাও ছিল এই বৈঠকের আলোচ্য।… আমি মনে করি, এর ওপর ভিত্তি করেই আজকে আমরা (আলোচনা) শুরু করেছি, কিন্তু আরও অনেক কাজ বাকি রয়েছে।’
রুবিও ছাড়াও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই বৈঠকে ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় অংশ নেন।
এদিকে, আগামী কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কোয় পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
অন্যদিকে, সম্প্রতি দুর্নীতির অভিযোগের নিজ দেশে কিছুটা কোণঠাঁসা হয়ে পড়া ইউক্রেন সরকারকে নিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে ইউক্রেন সরকার কিছুটা সমস্যায় রয়েছে। তা সত্ত্বেও, চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।’
সম্প্রতি জ্বালানি খাতে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ হিসেবে ১০ কোটি ডলার আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে। এর ফলে নিজ দেশেই চাপের মধ্যে রয়েছে ক্ষমতাসীন নেতারা।
এরই মধ্যে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সমঝোতার মাধ্যমে তৈরিকৃত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার পুনঃনিরীক্ষা করেছেন কিয়েভের কুটনীতিকরা। প্রস্তাবিত প্রাথমিক ওই পরিকল্পনায় রাশিয়ার স্বার্থকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে এর সমালোচনা করেন তারা। তবে, রবিবার বৈঠক শুরুর সময় রুবিও ইউক্রেনকে ওই প্রস্তাব পুনর্মূল্যায়নের ব্যাপারে আশ্বস্ত করেন।
বৈঠকে রুবিও আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু শান্তি নয়, বরং যুদ্ধের এমন একটি অবসান নিশ্চিত করা যা ইউক্রেনকে ‘সার্বভৌম, স্বাধীন ও প্রকৃত সমৃদ্ধির পথে’ নিয়ে যাবে।
ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার জন্য রুবিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অথচ, এর আগে তিনিই দাবি করেছিলেন যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ইউক্রেন কৃতজ্ঞ নয়।
বৈঠক শুরুর আগে উমেরভ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের কথা শুনছে, তারা আমাদের সমর্থন দিচ্ছে এবং আমাদের পাশে থেকে কাজ করছে।’ তবে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না, বৈঠকের পর সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
রুবিও জানান, যুদ্ধ শেষ করার চুক্তি ছাড়াও আলোচনায় আরও অন্যান্য বিষয় উঠে আসে। ট্রাম্প বারবার বলেছেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে, তবে তা ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে সহায়তা করবে। এ লক্ষ্যে এই বসন্তে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ইউক্রেনের বিশাল খনিজ সম্পদে প্রবেশাধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের খসড়া শান্তি প্রস্তাবে ‘ইউক্রেন উন্নয়ন তহবিল’ তৈরির কথা রয়েছে। এই তহবিল থেকে প্রযুক্তি, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) দ্রুত বর্ধনশীল শিল্পে বিনিয়োগ করা হবে। প্রস্তাবে ইউক্রেনের প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন ও মজুতসহ এর জন্য অবকাঠামো পুনঃনির্মাণ, উন্নয়ন, আধুনিকায়ন ও পরিচালনায় যৌথভাবে কাজ করার কথাও বলা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে রাশিয়া।
১৩৬ দিন আগে
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে হামাসের সম্মতি
গাজায় ৬০ দিনের নতুন যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নিয়েছে হামাস।
স্থানীয় সময় রবিবার (১৭ আগস্ট) কাতার ও মিসর যে প্রস্তাব উপস্থাপন করেছিল, সেটি গ্রহণ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস।
হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য বাছেম নাইম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাব গ্রহণ করেছে হামাস। এর মধ্য দিয়ে গাজার মানুষ সহিংসতা থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দ্য গার্ডিয়ান জানিয়ছে, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতির মধ্যে ২০ জন জীবিত জিম্মির প্রায় অর্ধেককে দুই দফায় মুক্তি দেবে হামাস, বিনিময়ে কারাবন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেবে ইসরায়েল। একইসঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও চলবে বলে জানিয়েছে মিসরের একটি সূত্র।
হামাসের সম্মতির বিষয়টি ইসরায়েলি সরকারও অবগত রয়েছে বলে জানিয়েছেন দেশটির দুই কর্মকর্তা। তবে তারা সিএনএনকে বলেন, সব জিম্মির মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ, গাজার পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার শর্তেই কোনো চুক্তি যাবে তেল আবিব।
এমন একটি সময়ে এই প্রস্তাবে হামাসের সম্মতি এল, যখন গাজায় যুদ্ধ বন্ধ করে জিম্মিদের মুক্তির জন্য রোববার সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব বিক্ষোভ হামাসের দর কষাকষির অবস্থানকে আরও শক্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন: জেলেনস্কি চাইলে মুহূর্তেই যুদ্ধ বন্ধ করতে পারেন: ট্রাম্প
কাতার ও মিসরের নতুন প্রস্তাবটি গতকাল সোমবার ইসরায়েলের কাছে উপস্থাপনের কথা ছিল। তবে ইসরায়েল আর কোনো আংশিক চুক্তিতে আগ্রহী নয় বলে জানান নেতানিয়াহু।
তিনি বলেছেন, যুদ্ধ কেবল তখনই শেষ হবে, যখন হামাস একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দেবে, নিরস্ত্র হবে এবং গাজার সামরিকীকরণ শেষ করতে সম্মত হবে। হামাসের সম্মতির খবর প্রকাশ হওয়ার পর এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘হামাস তীব্র চাপে রয়েছে।’
এদিকে, সম্প্রতি সম্পূর্ণ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। গাজায় প্রায় ১০ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার মাধ্যমে এই অভিযান শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায়।
তবে দীর্ঘমেয়াদে দখলে রাখার পরিকল্পনা নেই জানিয়ে তিনি জানিয়েছেন, ‘আমরা গাজাকে নিজেদের দখলে রাখতে চাই না। আমরা সেখানে একটি নিরাপত্তা বলয় চাই।’
তবে এই পরিকল্পনা দেশীয় ও আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। তাছাড়া, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অনাহারে একের পর এক মৃত্যু ঘটে চলেছে। এ পরিস্থিতি যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ জোরালো হচ্ছে।
আরও পড়ুন: চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতি আরও ৯০ দিন বাড়ালেন ট্রাম্প
গত জুলাই মাসে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে আলোচনা শুরু করতে নতুন এই প্রস্তাব এনেছে কাতার ও মিসর।
সিএনএন বলছে, মিসর ও কাতারের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি গত জুনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া দুই পর্যায়ের কর্মপরিকল্পনার ভিত্তিতেই তৈরি হয়েছে। তার প্রস্তাবের ৯৮ শতাংশই সর্বশেষ প্রস্তাবে বজায় রাখা হয়েছে। ইসরায়েল ওই প্রস্তাবে আগেই সম্মতি দিয়েছিল। মধ্যস্থতাকারীরা হামাসকে প্রস্তাবটি গ্রহণ করতে চাপ দিয়েছেন।
হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, প্রস্তাবে ১০ জন জীবিত জিম্মি এবং ১৮ জনের মরদেহ হস্তান্তরের কথা বলা হয়েছে। এর বিনিময়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৪০ জন ফিলিস্তিনি বন্দি এবং ১৫ বছরের বেশি সাজাপ্রাপ্ত ৬০ জন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এ ছাড়া সব অপ্রাপ্তবয়স্ক ও নারী বন্দিকেও মুক্তি দেওয়ার কথা রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
আলোচনা সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেছেন, পরিস্থিতির উন্নয়ন বিবেচনায় উইটকফকে কায়রোয় আসার আমন্ত্রণ জানাবে মধ্যস্থতাকারীরা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত দুই দফা যুদ্ধবিরতি ও জিম্মি-মুক্তির চুক্তি সম্পন্ন হয়েছে।
২৪০ দিন আগে
রাশিয়াকে ভুখণ্ড দিয়ে দেওয়ার ইঙ্গিত, ট্রাম্পের কূটনীতিতে পূর্ব ইউক্রেনে আতঙ্ক
ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যেকোনো চুক্তিতে যেতে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। এতে করে এক অজানা ভয় জেঁকে বসেছে ইউক্রেনীয়দের মনে।
আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কা সম্মেলনে ইউক্রেন ভূখণ্ড নিয়ে সম্ভাব্য চুক্তির আলাপ কী পরিণতি নিয়ে আসবে, সেই শঙ্কায় দিন কাটছে পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকার বাসিন্দাদের।
তেমনই একটি স্থান স্লোভিয়ানস্ক। ছোট্ট লবণাক্ত হ্রদের তীরে অবস্থিত এই শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে অবস্থিত।
স্লোভিয়ানস্ক থেকে মাত্র কয়েক মাইল দূরেই রাশিয়া-ইউক্রেনের সম্মুখ যুদ্ধ চলছে। তা সত্ত্বেও এই জায়গাটুকু যুদ্ধের ভয়াহতা থেকে কিছুটা শান্তি এনে দেয়। তবে আলাস্কায় আদৌ কোনো চুক্তি হবে কিনা, হলেওে তার কার্যকারিতা নিয়ে সন্দিহান স্থানীয় বাসিন্দারা।
লবণাক্ত হ্রদে নামতে নামতে স্থানীয় সাংবাদিক মিখাইলো সিএনএনকে বলেন, ‘মনে হয় আমি যেন এই বাস্তবতা থেকে ভেসে দূরে চলে যাচ্ছি!’
তবে এই শান্ত সৈকতও তার মনে একটি আতঙ্ক জন্ম দিয়েছে। কারণ ডনবাসের যেসব এলাকা এখনো রাশিয়া নিয়ন্ত্রণে নিতে পারেনি, সেসব এলাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ক্রেমলিন। এতে স্লোভিয়ানস্কসহ আশপাশের কয়েকটি এলাকা হুট করেই মস্কোর ভুখণ্ডে পরিণত হতে পারে।
মিখাইলো বলেন, ‘আমরা অনেক বন্ধুই এখানেই থাকতে চান, তবে আমাদের হয়তো এই জায়গাটি ছাড়তে হবে।’ তাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে তড়িঘড়ি করে যে চুক্তি করতে চাইছেন ট্রাম্প, আপাত দৃষ্টিতে তা রাশিয়ার জন্য লাভজনক বলে মনে হলেও স্থানীয়দের মতামতের কারণে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। এতে চুক্তিটির বাস্তবায়ন ব্যর্থ হতে পারে বলে মনে করেন মিখাইলো।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
ট্রাম্পের প্রতি হতাশা নিয়ে এই যুবক আরও বলেন, একের পর পর এক ইউক্রেনীয় যে প্রাণ হারাচ্ছেন তা নিয়ে ট্রাম্পের কোনো মাথা ব্যাথা নেই। বরং তিনি কাঁদামাটি থেকে রুশ প্রেসিডেন্টকে টেনে তুলে বলছেন, ‘পুতিন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি তোমাকে পছন্দ করি।’
দুই বছর আগে ল্যান্ডমাইনে পা দেওয়ায় আহত ল্যুডমিলারের শারীরিক কষ্ট কিছুটা হলেও লাঘব করে এই লবণাক্ত হ্রদ। তিনি বলেন, ‘তারা যে এসব কূটনীতির কথা বলে, সবই আসলে লোক দেখানো। তারা চিন্তা করে এক, বলে আরেক, আর করে অন্যকিছু। রাজনীতি সবসময়ই এমন।’
আলাস্কা সম্মেলনে দোনেৎস্ক অঞ্চল নিয়ে যে প্রস্তাব দেওয়া দেওয়া হয়েছে, তা পুরোপুরি বিভ্রান্তিকর আখ্যা দিয়ে সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছে কিয়েভ। সেই সঙ্গে এই চুক্তির খবর যুদ্ধবিধ্বস্ত মানুষের জীবনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
২৪৭ দিন আগে