জিয়াউদ্দিন হায়দার
তিন থেকে চার বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: জিয়াউদ্দিন হায়দার
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী, এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।
রবিবার (২১ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশেষ সহকারী বলেন, আমি এ মাসের ১২ তারিখ পর্তুগালের লিসবন গিয়েছিলাম। সেখানে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফ-এর ৩৪তম ইন্টারন্যাশনাল কংগ্রেস হলো। প্রায় ১২২টা দেশ সেখানে থেকে ৩ হাজারের বেশি মিডওয়াইফ এবং ইউএনএফপিএসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং অনেক দেশের এমপি-মন্ত্রীরাও এসেছিলেন। এটি তিন দিনের একটা কনফারেন্স ছিল, সেখানে বাংলাদেশ থেকে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তিনি বলেন, আমরা সেখানে ঘোষণা করেছি যে আমাদের দেশের প্রাথমিক স্বাস্থসেবাকে শক্তিশালী করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জোর দিচ্ছি। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক (চিকিৎসা নির্ভর), এটাকে কীভাবে প্রিভেনশন সেন্ট্রিক (রোগ প্রতিরোধ নির্ভর) করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এ নিয়ে আমি সেখানে কথা বলেছি।
জিয়াউদ্দিন হায়দার বলেন, আমরা বলেছি যে বাংলাদেশ আগামী তিন থেকে চার বছর সময়ের মধ্যে প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এবং এছাড়াও এই সময়ে আমরা ২৫ হাজার মিডওয়াইফ পর্যায়ক্রমে নিয়োগ দেব।
২৫ দিন আগে
হামের টিকা দেওয়ায় গাফিলতির ঘটনায় তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার
হামের টিকা দেওয়ায় গাফিলতির ঘটনায় তদন্তের দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।
রবিবার (২১ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হামে শিশুমৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে কি না, জানতে চাইলে বিশেষ সহকারী বলেন, এখানে তদন্তের কী আছে? আমরা তো জানি যে অপারেশনাল প্ল্যান (কার্যকর পরিকল্পনা) বাদ দিয়ে এটাকে ডিপিপিতে স্থানান্তর করা হয়েছে। তখন হয়তো ধারণা করা হয়েছিল যে ডিপিপিগুলোকে এক থেকে দেড় মাসের মধ্যে তারা অনুমোদন করতে পারবে এবং টাকা অ্যাভেইলেবল (সহজলভ্য) হবে। কিন্তু বাস্তব চিত্র হলো, এক বছরেও অনেক ডিপিপি প্রস্তুত সম্ভব হয়নি এবং সেগুলোকে একনেকে অনুমোদন, প্রজেক্ট অফিস তৈরি করা—সেগুলো করতে পারেনি।
তিনি বলেন, যার ফলে স্বাভাবিক যে ফান্ড ফ্লো ওপির মাধ্যমে হচ্ছিল, সেইটা আমি বন্ধ করলাম উইদাউট ওপেনিং আপ নিউ ফান্ড ফ্লো (নতুন তহবিল খোলা ছাড়া)। এই যে ঘাটতি, এই ঘাটতির বোঝা তো আমরা জাতি হিসেবে এখনও বহন করছি।
জিয়াউদ্দিন হায়দার বলেন, আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে স্টক আউট, সেগুলো আমরা কীভাবে দ্রুততম সময়ের মধ্যে ক্রয় করতে পারি, সেগুলো নিয়ে আমাদের মন্ত্রীসহ সবাই কাজ করছে। মন্ত্রী কোপেনহেগেন, ডেনমার্কের ইউনিসেফের যে সাপ্লাই ডিভিশনের হেডকোয়ার্টার যাচ্ছেন তাদের সঙ্গে আলাপ করার জন্য, যাতে করে আমাদের অন্যান্য যে প্রয়োজনীয় উপকরণ, সেগুলোও দ্রুততম সময়ের মধ্যে কেনা যায় এবং ঘাটতি পূরণ করা যায়—এজন্য আমরা দিনরাত পরিশ্রম করছি।
আগের সরকারের কোনো গাফিলতি কি আপনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেখেন না? জবাবে তিনি বলেন, ‘গাফিলতি তো আছেই। আমরা তো এটা বলেই দিয়েছি। তাদের গাফিলতির জন্যই তো ২০২৪-২৫-এর যে টিকার রাউন্ড, সে রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট (চাহিদা নির্ধারণ) হয়নি। পরিবার পরিকল্পনার এই যে গর্ভনিরোধক উপকরণ, এগুলোরও প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। এটার জন্য কোনো তদন্ত করার দরকার নেই।’
২৬ দিন আগে
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে জিয়াউদ্দিন হায়দার এখন থেকে সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে তিনি তার দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে নির্ধারিত সকল বিধি-বিধান অনুসরণ করবেন।
৮৬ দিন আগে