বাস বিস্ফোরণ
কলম্বিয়ার বাসে বিস্ফোরণে ১৩ জন নিহত, আহত ৩৮
কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে ছেড়ে আসা একটি বাসে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাজিবিও পৌরসভায় প্যান-আমেরিকান মহাসড়কে চলন্ত বাসটিতে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন কাউকা অঞ্চলের গভর্নর অক্তাভিও গুজমান।
এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সেনাপ্রধান। মাদক পাচারকে ঘিরে ওই অঞ্চলে চলমান সহিংসতার জের ধরে এই হামলা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কাউকা স্বাস্থ্য বিভাগের সচিব ক্যারোলিনা কামার্গো জানান, আহতদের মধ্যে ৫টি শিশু রয়েছে।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেস এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি ‘সন্ত্রাসী হামলা’এবং এর জন্য ‘ইভান মর্দিস্কো’ নামের এক শীর্ষ সন্ত্রাসীর নেটওয়ার্ক এবং
‘হাইমে মার্তিনেস’ নামের এক গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। এই গোষ্ঠীগুলো এখনও ওই অঞ্চলে সক্রিয় এবং এরা বিলুপ্ত ফার্ক বিদ্রোহী সংগঠনের ভিন্নমতাবলম্বী একটি অংশ।
এই দল এবং ব্যক্তিদের মধ্যে কেউই ২০১৬ সালে সরকারের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি মেনে চলে না বলে অভিযোগ রয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘যারা এই হামলা চালিয়ে অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে, তারা সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক ব্যবসায়ী।’
৯ দিন আগে