খাল পুনর্খনন
উলশী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলশী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করেন তিনি। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাটি কেটে খাল পুনর্খনন কাজের সূচনা শেষে উদ্বোধন ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ফলকটিতে লেখা আছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’
উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত বিস্তৃত প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি মূলত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হয়েছিল। পরবর্তীতে এটি ‘জিয়া খাল’ নামে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খালটি পুনর্খনন করা হচ্ছে।
এর আগে, গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল পুনর্খননের মাধ্যমে তারেক রহমান দেশের ৫৪টি জেলায় একযোগে দেশব্যাপী খাল খনন ও পুনর্খনন কর্মসূচি শুরু করেছিলেন।
আজ (সোমবার) সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বাসে করে শার্শা উপজেলার উলশীতে যান এবং খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করেন।
খালের পাড়ে একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরবর্তীতে, যশোর সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের পর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
বিকেলে জেলা বিএনপি আয়োজিত যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। কর্মসূচিগুলো শেষ করে সন্ধ্যায় আকাশপথে ঢাকা ফেরার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যশোরে এটিই তার প্রথম সফর। এর আগে, গত ২ ফেব্রুয়ারি সর্বশেষ এই জেলা সফর করেছিলেন তিনি। সেখানে বিএনপি চেয়ারম্যান হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।
৬ ঘণ্টা আগে