সোনামানিক
বদলগাছীর ৪০ মণের ‘সোনামানিক’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ
আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে বড় আকৃতির গরু নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নওগাঁর বদলগাছীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘সোনামানিক’ নামের একটি বিশাল আকৃতির ষাঁড়। প্রায় ৪০ মণ ওজনের গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ।
উপজেলার আধাইপুর গ্রামের বাসিন্দা আবু জাফরের বাড়িতে গেলেই চোখে পড়ে বিশাল দেহের ষাঁড়টি। দূর থেকে দেখলে অনেকের কাছে সেটি ছোটখাটো পাহাড়ের মতো মনে হয়। কালো ও লাল রঙের মিশেলে গড়া গরুটির শক্তপোক্ত গঠন সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের।
মালিকের দাবি, নেপলিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় দেড় হাজার কেজি, অর্থাৎ ৪০ মণ। গত কয়েক সপ্তাহ ধরে গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করছেন।
গরুর মালিক আবু জাফর বলেন, ‘সোনামানিককে আমরা পরিবারের সদস্যের মতো করেই বড় করেছি। কোনো ধরনের ইনজেকশন বা কৃত্রিম মোটাতাজাকরণ করা হয়নি। ঘাস, তুষ ও চালের গুঁড়া খাইয়েই প্রায় চার বছর ধরে লালনপালন করেছি।’
তিনি আরও বলেন, গরুটির পেছনে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা বাড়িতে এসে গরুটি দেখে যাচ্ছেন।
গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। উপযুক্ত দাম পেলে বাড়ি থেকেই ষাঁড়টি বিক্রি করবেন বলে জানান আবু জাফর।
স্থানীয় বাসিন্দা রঞ্জু জানান, প্রতিবছরই আবু জাফরের পরিবার বড় আকৃতির গরু পালন করে থাকেন। তবে এবার ‘সোনামানিক’ আকার ও ওজনের কারণে আলাদা করে সবার নজর কেড়েছে।
উপজেলা সদরের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘আমি গতকাল ষাঁড়টি দেখতে আবু জাফরের বাড়ি গিয়েছিলাম। ষাঁড়টির ওপর নজর পড়তেই মনে হলো কোনো হাতি দাঁড়িয়ে আছে। সেলফি তুললাম, ভিডিও করলাম আমার কাছের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন দেখানোর জন্য।’
বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, এবার কোরবানির ঈদ উপলক্ষে উপজেলায় ৫৪ হাজার ৮২০টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকাতেও পশু সরবরাহ করা সম্ভব হবে। আধাইপুর ইউনিয়নের ‘সোনামানিক’ নামের ষাঁড়টি ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে। মালিক যেন ন্যায্যমূল্য পান, সেটিই আমার প্রত্যাশা।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই সোনামানিককে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে। শেষ পর্যন্ত গরুটি কত দামে বিক্রি হয়, সেটিই এখন দেখার বিষয়।
৩ দিন আগে