বোগদাদ পরিবহন
পরিবহন শ্রমিকদের ওপর হামলা, প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর হয়। এর প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্থানের অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
জেলা পরিবহন মালিক সম্পাদক শোয়েবুর রহমান ও কয়েকজন পরিবহন শ্রমিক জানান, গতকাল (বুধবার) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ (বৃহস্পতিবার) ভোর থেকেই চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। ফলে আজ ভোর থেকে এই রুটে আইদি ও বোগদাদ পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী ও সাধারণ যাত্রীরা। তবে চাঁদপুর থেকে দেশের দূর-দূরান্তের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস মালিক নেতা শোয়েবুর রহমান বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা গতকাল রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করেছে এবং প্রায় ১০/১৫ জন শ্রমিককে আহত করেছে। আহতদের মধ্যে অনেককে সরকারি হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, অন্য দিনের মতো বলাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিংয়ে রাখা হয় বাস। বাসে থাকা শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুরও করা হয়।
স্থানীয়দের দাবি, কিছু ‘উচ্ছৃঙ্খল ছাত্র’ চাঁদপুর–কুমিল্লা রুটের বলাখাল বাজারে শিক্ষার্থীদের স্বার্থে বাস স্টপেজের দাবি না মানায় এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ মিয়া জানান, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দৈনিক ২৫০টি বাস চলাচল করে বলে জানান বাস মালিক সমিতির নেতা শোয়েবুর রহমান ।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন অবগত। সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ওদিকে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে