মস্তকবিহীন মরদেহ
ময়মনসিংহে গাছের সঙ্গে বাঁধা অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বুধবার (২০ মে) রাতের কোনো এক সময় নির্জন জঙ্গলে দুর্বৃত্তরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল (বৃহস্পতিবার) সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের এক যুবক প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত শাহ ভিটার জঙ্গলে যান। এ সময় জঙ্গলের ভেতরে একটি জামগাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মস্তকবিহীন মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। নিহত যুবকের পরণের শার্ট ও গেঞ্জি দিয়ে গাছের সঙ্গে দুই হাত বাঁধা ছিল। তার পরণে প্যান্ট ছিল এবং বাঁ হাতে ঘড়ি পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা নুরুল কবির জানান, এ ঘটনার বেশ কয়েক বছর আগে এখানে আরও একটি হত্যার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ পাল জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৩ ঘণ্টা আগে