খাদ্য সহায়তা হস্তান্তর
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারে গুরুত্বরোপ
কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৪ মে) কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র নিকট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এটিকে বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
জানা গেছে, বাংলাদেশ থেকে মোট ২৪০ টন খাদ্যসামগ্রী উপহার হিসেবে কুয়েতে পাঠানো হচ্ছে। পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম কুয়েতের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবেই এ সহায়তা দেওয়া হচ্ছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর উদ্দেশে পাঠানো একটি পত্রও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
২১ ঘণ্টা আগে