খননযন্ত্র
কুমারখালীতে শ্রমিকদল নেতার খননযন্ত্রে আগুন, বালু ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (বুধবার) দুপুরে তাকে আদালতের কাছে সোপার্দ করা হয়। তিনি ওই গ্রামের একজন বালু ব্যবসায়ী।
এর আগে, গত রবিবার গভীর রাতে মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় খননযন্ত্রে আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডলের (৪৯) প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে তিনি পরদিন সোমবার দুপুরে কুমারখালী থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। এরপর গতকাল (মঙ্গলবার) রাতে থানায় মামলা নথিভুক্ত হয়। পরে গভীর রাতে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার আরেক আসামি মাসুদ শেখ (৩০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, গত রবিবার মহেন্দ্রপুর চরে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। শরিফুল ও মাসুদের ধারণা, প্রশাসনের কাছে তিনিই (আইয়ুব) তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সক্যাভেটরে আগুন লাগিয়ে দেন। এতে তার মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। এরপর বিচারের আশায় তিনি থানায় মামলা করেছেন। যন্ত্রটি তার আয়ের অংশ ছিল। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
অভিযুক্ত শরিফুল পুলিশ হেফাজতে আর মাসুদ পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, এক্সক্যাভেটর পোড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গতকাল রাতে গ্রেপ্তার করে আজ (বুধবার) দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
২ দিন আগে