ডেঙ্গু কর্নার
ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় সরকার সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এরই অংশ হিসেবে দেশের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, যেহেতু দুয়েকজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এই সময়ে ডেঙ্গু হয়, সেজন্য আমরা কালক্ষেপণ করতে চাই না। আমরা ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল প্রস্তুত আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে।
তিনি বলেন, ডেঙ্গুর চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দিবে সোসাইটি অব মেডিসিন। এতে ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। কাল থেকেই প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে। সারা দেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে এসব উপকরণ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।
ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে দুমাস আগে থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসব।
আজকের সভায় ডেঙ্গুবিষয়ক একটি অ্যাপ চালু করার ব্যাপারে আলোচনা করা হয় এবং ডেঙ্গুবিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে