চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টার পর ২৮ জন এখনও শূন্যরেখায়
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা পুশইনের চেষ্টার পর ২৮ জন ব্যক্তি এখনও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন। আজ শুক্রবার সকাল পর্যন্ত তাদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিএসএফ।
নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গত বুধবার রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-এস নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বাঙ্গাবাড়ি বিওপির বিজিবি টহল দল তাদের বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। এই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ শিশু রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রথমে কোম্পানি কমান্ডার এবং পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বিএসএফ পুশইনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে তারা ঘটনাটি স্বীকার করে।
আজ (শুক্রবার) সকালে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছিল বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে। এরপর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত বিজিবিকে জানানো হবে। তবে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি। বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
আরিফুল ইসলাম মাসুম আরও জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণকরা হচ্ছে এবং সীমান্তে নতুন করে কোনো পুশইনের ঘটনা ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
১ দিন আগে