বেতন কাঠামো
জুলাই থেকে কার্যকর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। চলতি বছরের জুলাই থেকে এ বেতন কাঠামো কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন কাঠামো অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তারা এই হারে বেতন পাবেন। বর্ধিত অর্থ ৩০ জুন প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মীরা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ৭৫ শতাংশ পাবেন। বাকি অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। ওই সময় বার্ষিক বেতন বৃদ্ধিও প্রযোজ্য হবে।
এছাড়া নতুন বেতন কাঠামো চলতি বছরের জুলাই থেকে কার্যকর হিসেবে বিবেচিত হওয়ায় সরকারি চাকরিজীবীরা ১ জুলাই ২০২৬ থেকে বর্ধিত বেতনের বাকি অংশ বকেয়া হিসেবে পাবেন।
নতুন বেতন কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা, যেমন বাড়িভাড়া, চিকিৎসা ও মোবাইল ভাতা বৃদ্ধি ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
পেনশনভোগীরাও চলতি বছরের ১ জুলাই থেকে নিজ নিজ পেনশন স্ল্যাব অনুযায়ী নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।
মন্ত্রিসভায় অনুমোদনের পর গত ৩১ আগস্ট সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করে।
সরকার দুই অর্থবছরে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে।
সবচেয়ে নিচের ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এতে বেতন বেড়েছে ১৪২ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ পর্যায়ে ১ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারিত সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
সিনিয়র সচিবদের বেতন ৮২ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬৪ হাজার টাকা হবে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বেতন ৮৬ হাজার টাকা থেকে বেড়ে নির্ধারিত ১ লাখ ৭২ হাজার টাকা হবে।
বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৪ লাখ এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় ৯ লাখ। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের সর্বশেষ বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।
১৫ ঘণ্টা আগে
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ ঘোষণা দেন তিনি।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’য় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মেধাভিত্তিক বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতাই অন্যতম মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে। আমি উল্লেখ করতে চাই, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিক সংস্কার কেবল দাপ্তরিক প্রক্রিয়া সহজ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এর মধ্য দিয়ে ব্যবসা পরিবেশ উন্নত হবে, দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়বে, ক্ষুদ্র থেকে বৃহৎ—সব স্তরের উদ্যোগে নতুন গতি আসবে, উৎপাদন ও রপ্তানির ভিত্তি আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের পরিসর বিস্তৃত হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী অর্থনীতির গণতন্ত্রায়ণ, সুশাসন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধির যে পথ আমরা গ্রহণ করেছি, এই অধ্যায়ে বর্ণিত পদক্ষেপসমূহ তারই বাস্তব ভিত্তি নির্মাণ করবে।’
১০০ দিন আগে