আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস
আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫৭ বিজয়ীর নাম ঘোষণা
ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ডস-২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৫৭টি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হবে।
বুধবার (৮ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইএআইএলসির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি সি পান্ডে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ২৫ জুলাই ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। পুরো আয়োজন করছে কানাডাভিত্তিক সংস্থা ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরস্কারের মূল্যায়নে ইনস্টিটিউশনাল রিসার্চ, ডিউ ডিলিজেন্স, কমপ্লায়েন্স স্ক্রিনিং, গভর্ন্যান্স রিভিউ এবং স্বাধীন আন্তর্জাতিক মূল্যায়ন—এই পাঁচটি ধাপ অনুসরণ করা হয়েছে।
প্রফেসর বি সি পান্ডে বলেন, দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ের অবদান দীর্ঘ গবেষণা ও আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষা, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল গভর্ন্যান্স, করপোরেট নেতৃত্ব, ব্যাংকিং ও আর্থিক খাত, উদ্যোক্তা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সেবা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
তারা আরও জানান, আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস-২০২৬ কোনো বাণিজ্যিক বা স্পন্সরনির্ভর পুরস্কার নয়। এ সম্মাননার ক্ষেত্রে কোনো পেইড নোমিনেশন, স্পন্সরশিপ, লবিং কিংবা বিজ্ঞাপন ক্রয় বিবেচনা করা হয়নি। সম্পূর্ণ গবেষণা, প্রমাণ, যোগ্যতা এবং বাস্তব অবদানের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচিত বিজয়ীদের পর্যায়ক্রমে অফিশিয়াল কনফার্মেশন লেটার, আমন্ত্রণপত্র এবং ভিআইপি ডেলিগেট ইনভিটেশন পাঠানো হবে। তারা আন্তর্জাতিক অনুষ্ঠানে মেডেল, ক্রেস্ট, অফিশিয়াল রিকগনিশন সার্টিফিকেট এবং আন্তর্জাতিক সিপিডি ডুয়াল সার্টিফিকেশন গ্রহণের সুযোগ পাবেন। এ সম্মাননা গ্রহণে কোনো নিবন্ধন বা প্রশাসনিক ফি দিতে হবে না।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, এআই ও সাইবার নিরাপত্তা উদ্যোগ, নেতৃত্ব উন্নয়ন, নীতিনির্ধারণ সংলাপ এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবে আইএআইএলসি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউএইচএফ-এর আসিয়ান আঞ্চলিক উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাম্বাসেডর শচীন্দ্রনাথ হালদার বলেন, ঘোষিত ৫৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে উদ্ভাবন, নেতৃত্ব, গবেষণা এবং মানবকল্যাণে অসামান্য অবদান রেখেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদের সেই অবদানকে বিশ্বমঞ্চে তুলে ধরবে এবং দায়িত্বশীল প্রযুক্তি, নৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা মো. মিজানুর রহমান, সঞ্জিত বাড়ৈ, অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল, উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব অন্তু করীম এবং ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম সদর দপ্তর ও কানাডার হাই-টেক কো-অর্ডিনেটর আদিতা হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকায় সরকারি ও পাবলিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান, চেম্বার ও ব্যবসায়িক সংগঠন, করপোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ‘গ্লোবাল চেঞ্জমেকার প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬’—এই সাতটি বিভাগে মোট ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে।
সরকারি ও পাবলিক প্রতিষ্ঠান বিভাগে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং সাইবার সিকিউরিটি এজেন্সি/বিডিজি ই-গভ সার্ট।
আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা বিভাগে নির্বাচিত হয়েছে ইউএনডিপি বাংলাদেশ, ইউনিসেফ ও ব্র্যাক।
ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে রয়েছে বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, বিকাশ, প্রাইম ব্যাংক লিমিটেড এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।
বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান বিভাগে স্থান পেয়েছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টরন্টো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), লন্ডন স্কুল অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এবং অ্যাকিউরেসি এডুকেশন।
চেম্বার ও ব্যবসায়িক সংগঠন বিভাগে রয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (ব্যাকো), বিজিএমইএ এবং বিকেএমইএ।
করপোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান বিভাগে নির্বাচিত হয়েছে এইচআরসি গ্রুপ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, এসিআই লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ, আকিজ গ্রুপ, গ্রামীণফোন, বাংলালিংক, এশিয়া স্টার বাংলাদেশ অ্যান্ড থাইল্যান্ড, পেন্টাগন ফিল্মস অ্যান্ড মিডিয়া ইন্টারন্যাশনাল, রবি, আমলকি বাংলাদেশ অ্যান্ড থাইল্যান্ড এবং মিন্টু কুমার মণ্ডল অ্যান্ড অ্যাসোসিয়েটস।
এছাড়া ‘গ্লোবাল চেঞ্জমেকার প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন প্রফেসর ড. নিধি নাগাভাতলা।
১ দিন আগে